১০:৪৪ এম
জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের উপর শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রয়েছে। পাশাপাশি, পশ্চিম ইরানের আকাশে তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করছে।
সংবাদমাধ্যম আল জাজিরা অনুসারে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আকাবা বিমানবন্দরে মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি উড়োজাহাজ লক্ষ্য করে ওই হামলা চালানোর কথা৷ এতে কিছু উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
বিবৃতিতে এছাড়াও বলা হয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি/আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিব: বিশ্ব চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে
এদিকে, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়।
মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় এটি ভূপাতিত হয়েছে।
অন্যদিকে, ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকে চালানো এই হামলার ফলে আরও একজন আহত হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, নিহত সেনা মূলত ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার সময় নিহত হন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভ্রমণে নাগরিকদের জন্য ৬ দেশের নিষেধাজ্ঞা
সেন্টকম আরও জানিয়েছে যে, গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছিল যে স্থানে, সেখানে তল্লাশি চালিয়ে ‘অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ’ পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন