ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রসহ ২ জনের


কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রসহ ২ জনের

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, এর মধ্যে একজন স্কুলছাত্র। সদর উপজেলায় একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নিহত হন একজন স্কুলছাত্র এবং পাকুন্দিয়া উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হন মাইক্রোবাসের চালক।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা এবং পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সাঘাটায় ঝড়-বৃষ্টিতে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি: কৃষকের কপালে চিন্তার ভাজ

পুলিশ জানায়, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকায় একটি বাসা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন (১০) সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় বের হয়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য সামছুলের ছেলে।

অন্যদিকে, সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার চিলকারা এলাকায়, কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও মাইক্রোবাস দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাস চালক নিহত হন, তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: শেরপুরে প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৫৫ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তাদের হাতে এসব বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। এ সময় তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এদেশে কাউকে পেছনে ফেলে নয়, সবাই একসঙ্গে এগিয়ে যাবে।"

তিনি আরও বলেন, "শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী হয়ে উঠতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুজরা মুশাররফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে আ. লীগের ২ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


সিদ্ধিরগঞ্জে আ. লীগের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের মাধ্যমে আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে মাদানীনগরের নিমাইকাশাড়ি এলাকা থেকে সমাবেশের নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত মাসুদ মিয়া (২৮) এবং একই দিন রাতে বাগমারা এলাকা থেকে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহুলকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা দ্রুত পালিয়ে যান।

 

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী অস্ত্র, গুলি ও মাদকসহ নানা অপরাধে সম্পৃক্ত ৯ জনকে আটক করেছে। আটক করা ব্যক্তিদের মাঝে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামি উপস্থিত রয়েছেন।

এ সময় উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ২২টি ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফের নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসির প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত থেকে অভিযান তদারকি করেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্যাম্প এলাকায় এ ধরনের যৌথ অভিযান সন্ত্রাসী কার্যক্রম, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি যোগ করেন যে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় মহানবী (সা:)-কে নিয়ে কটূক্তির অভিযোগ: ছাত্রদল নেতাকে জুতার মালা পরিয়ে ক্ষমা চাওয়াল জনতা

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বানারীপাড়ায় মহানবী (সা:)-কে নিয়ে কটূক্তির অভিযোগ: ছাত্রদল নেতাকে জুতার মালা পরিয়ে ক্ষমা চাওয়াল জনতা

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাটি ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে ফেসবুকে অশালীন ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে সঞ্জীব রায় অরুপ নামের এক যুবককে আটক করে মারধর করার ঘটনা ঘটেছে। সঞ্জীব রায় অরুপ বর্তমানে সৈয়দকাটি ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালের সময় সৈয়দকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাওয়ালিয়া গ্রামের বাসিন্দা শরৎ রায়ের ছেলে সঞ্জীব রায় অরুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাসে মহানবী (সা:)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এই বিষয়টি জানাজানি হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। পরে দুপুর আনুমানিক ৩:৩০ ঘটিকায়, আনুমানিক ১০০ থেকে ১৫০ জন স্থানীয় জনতা একত্রিত হয়ে বাওয়ালিয়া গ্রামে সঞ্জীবের বাড়ি থেকে তাকে ধরে নিয়ে আসে। এরপর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একতার হাট বাজারে নিয়ে এসে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে এবং গলায় জুতার মালা পরিয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করে।

ঘটনাস্থলে অভিযুক্ত যুবক ভবিষ্যতে আর কখনো এ ধরনের কাজ করবেন না, এমন মর্মে মুচলেকা বা প্রতিজ্ঞা করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি তার বাবার সঙ্গে নিজ বাড়িতে ফিরে যান।

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে এখনও মিশ্র প্রতিক্রিয়া এবং চাপা উত্তেজনা বিরাজ করছে।

আইনগত পদক্ষেপের বিষয়ে জানার চেষ্টা করা হলে জানা যায়, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশের একটি টিম ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানা গিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%