প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এবার যুদ্ধাপরাধের বিচার ও ক্ষতিপূরণ আদায়ে আইনি কার্যক্রম শুরু করেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং চারটি ইউরোপীয় দেশের আদালতে। মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে গত ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছাত্রী। এই ঘটনার কয়েক মাস পর তেহরান এই পদক্ষেপ গ্রহণ করেছে।
নিহত শিশুদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি এই তথ্য প্রকাশ করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, আন্তর্জাতিক আইনের আওতায় দাবিগুলো সামনে আনতে তাঁর দপ্তর দেশটির বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে হামলার তথ্য-প্রমাণ নথিভুক্ত করছে।
ইরান দাবি করছে যে দায়েরকৃত মামলাগুলোতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু ছাড়াও হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোয় হামলার অভিযোগও এসব মামলায় আনা হয়েছে।
মাজিদ আনসারি জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কোন কোন আদালতে মামলা করা হয়েছে তা প্রকাশ করা হয়নি, তবে যেসব আদালত এখতিয়ার গ্রহণ করেছে সেখানেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি যুদ্ধ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র ক্লেইমস ট্রাইব্যুনালে দ্বিতীয় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত মার্চে দ্য হেগে অবস্থিত ওই ট্রাইব্যুনালে সামরিক আগ্রাসন, অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগের হুমকির অভিযোগ এনে প্রথম মামলা করেছিল তেহরান।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, ইউরোপের আদালতগুলো ইরানের জন্য তুলনামূলকভাবে বেশি কার্যকর পথ খুলে দিতে পারে, তবে যুক্তরাষ্ট্রের আদালতে আইনি প্রক্রিয়া বড় ধরনের এখতিয়ারগত বাধার মুখে পড়বে। যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের সহকারী অধ্যাপক সাঈদ বাঘেরি বলেন, "ইরান জবাবদিহি নিশ্চিত করতে এবং প্রমাণ সংরক্ষণে উপলব্ধ আইনি পথগুলো ব্যবহার করছে; তবে ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি মোটেও নিশ্চিত নয়।"
বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সরাসরি প্রবেশাধিকার সীমিত থাকায় ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপের পথ বেছে নিয়েছে। রোম সংবিধিতে ইরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল—কোনো দেশই স্বাক্ষরকারী নয়। ফলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেফারেলের মতো স্বাধীন ভিত্তি ছাড়া আইসিসিতে যাওয়া কঠিন। অন্যদিকে আইসিজেতে মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের সম্মতি অপরিহার্য।
ইরানের হিসাব অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন। স্কুল, হাসপাতাল, সেতু ও জ্বালানি স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিচার বিভাগের তথ্যমতে, অভ্যন্তরীণ আদালতে প্রায় ৪০০টি মামলা হয়েছে, যার একটিতে সাড়ে ৩ লাখ বাদী রয়েছেন। স্থানীয় আদালতগুলো যুক্তরাষ্ট্রের কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। গত সেপ্টেম্বরে ইরানের বিচার বিভাগ খামেনি ও সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডের ঘটনায় ১৫৯ জন মার্কিন ও ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে।
মিনাবের স্কুলের ওপর হামলা প্রমাণ করতে ইরানকে বিস্তৃত তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে বলে মনে করেন সাঈদ বাঘেরি। গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত মিশনের প্রতিবেদনে বলা হয়, মিনাব স্কুলে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত যুদ্ধাপরাধ করেছে এবং বেসামরিক স্থাপনা কি না তা যাচাইয়ের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে। তবে কেবল বেসামরিক প্রাণহানিই যুদ্ধাপরাধ প্রমাণ করে না; হামলাকারী কারা ছিল, লক্ষ্যবস্তু কী ছিল এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা সে সময় কী জানতেন—তা প্রমাণ করা জরুরি। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের মেয়েদের স্কুলে কেউ ইচ্ছাকৃতভাবে হামলা চালায়নি, যদিও পেন্টাগন এখনো তাদের অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদন প্রকাশ করেনি।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ সদস্য দেশে ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ বা সার্বজনীন এখতিয়ারের বিধান থাকায় গুরুতর আন্তর্জাতিক অপরাধে ব্যক্তিবিশেষের বিরুদ্ধে মামলা চালানোর সুযোগ রয়েছে, তবে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ‘ফেডারেল টর্ট ক্লেইমস অ্যাক্ট’-এর আওতায় সার্বভৌম দায়মুক্তি এবং যুদ্ধকালীন সমর কার্যক্রমের ব্যতিক্রম থাকায় ক্ষতিপূরণ বা বিচার আদায় বেশ কঠিন। রাষ্ট্রীয় সম্পদ জব্দ করা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থ আদায়ের প্রক্রিয়াও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন