০৪:১০ পি.এম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম। সংগৃহীত ছবি।
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা শঙ্কার কোনো কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তিনি আরও জানান, তবে দিনটিকে কেন্দ্র করে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
আরও পড়ুন: শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
এস এন নজরুল ইসলাম বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
সম্প্রতি মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তির জামিনে মুক্তি পেয়ে পুনরায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনের বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। আদালতই সিদ্ধান্ত নেয় কাউকে শাস্তি দেওয়া হবে কি না।
তিনি আরও বলেন, সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানায় ডিএমপি।
আরও পড়ুন: মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন