প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের দিন মাত্র দুই মাস বাকি ছিল। হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার পরিকল্পনা এবং নতুন সংসারের স্বপ্ন উজ্জল সরকারের মনে ছিল। হাসিমুখে হবু স্ত্রীর সঙ্গে দেখা করে বিদায়ও নিয়েছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই বিদায় হবে চূড়ান্ত বিদায়! ২৪ বছর বয়সী উজ্জল সরকারের জীবনযাত্রা থেমে গেল সড়ক দুর্ঘটনায়। একই ঘটনায় প্রাণ হারান তার ঘনিষ্ঠ বন্ধু শিখর চন্দ্রও।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় চলন্ত ট্রাকের আঘাতে তাদের মৃত্যু ঘটে।
নিহত উজ্জল সরকার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের পুত্র। তার বন্ধু শিখর চন্দ্র শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের সন্তান। উভয়েই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জলের বাবা বিপ্লব সরকার শারীরিক প্রতিবন্ধী। তার মা শিউলী রানী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন ছেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্নে। একই উপজেলায় বিলকাজুলী গ্রামে উজ্জলের বিয়ের আয়োজন করা হয়েছিল। দুই মাস পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।
বুধবার সকালে বন্ধু শিখরকে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে যান উজ্জল। বিয়ের জন্য নানা পরিকল্পনা ছিল তার। হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার ইচ্ছাও ছিল। দেখা শেষে হাসিমুখে বিদায় নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন তারা। কিন্তু মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সব স্বপ্ন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উজ্জল। গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উজ্জলের বিয়ের আনন্দঘন প্রস্তুতির পরিবর্তে এখন বাড়িতে শুধুই শোক ও স্বজন হারানোর হাহাকার।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উজ্জল ও শিখরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন