প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবপাচার, ভিসা জালিয়াতি এবং অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উকের (Park Sang Wook) নেতৃত্বে প্রতিনিধিদলটি আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশকের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোয়িকা) সহযোগিতায় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর মধ্যে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন সেন্টার, ‘সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি উদ্বোধন করা সাইবার পুলিশ সেন্টারের বিষয়গুলো উল্লেখ করেন।
বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ব্যক্তি এবং সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং জাল নথিসহ বিভিন্ন অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়া, ভবিষ্যতে অভিবাসনসংক্রান্ত অপরাধের তথ্য বিনিময়, মানবপাচার প্রতিরোধে যৌথ গোয়েন্দা সেল গঠন এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিকদের নিরাপত্তা, তাঁদের বিনিয়োগ এবং শিল্পপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার এবং সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অবস্থানের কথাও জানান।
এ সময় কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন