প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মিলনায়তনে ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধীন ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে ২ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ গাজীপুরস্থ ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে পরিবেশ সুরক্ষার এই সিদ্ধান্তসহ একগুচ্ছ আধুনিক ও কার্যকর পরিকল্পনা নীতিগতভাবে অনুমোদন করা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ প্রযুক্তিমনস্ক, আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে ‘গ্রিন ক্যাম্পাস’ তৈরির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা পরিবারের প্রতিটি শিক্ষার্থীকে এই সবুজ বিপ্লবের সাথে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ৫ বছরে দেশব্যাপী ২ কোটি বৃক্ষ রোপণ এবং তা পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।
অধিবেশনে শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়। এর সাথে ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট’-এর মাধ্যমে মান্দারিন, জাপানিজ, কোরিয়ান সহ আরও ৭টি বিদেশি ভাষা শিক্ষার সুযোগ ও ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তাবিত পরিকল্পনাগুলোর বাস্তবায়নের জন্য অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বসম্মতভাবে ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট অনুমোদিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. জাফরুল আযম এই বাজেট উপস্থাপন করেন।
সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল ডিগ্রি প্রদান নয়। আমরা ধারণা করছি ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রজন্মের হাত ধরে, যারা চাকরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হবে এবং পরিবর্তনের নেতৃত্ব দেবে।’
অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়্যারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ সরাসরি অংশগ্রহণ করেন।
আনুষ্ঠানিক অতিথি হিসেবে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন