প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ যেন একটি মিউজিক্যাল চেয়ার হয়ে উঠেছে। একজন কোচ আসেন, কিছুদিন দায়িত্ব পালন করেন, পরে ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন। নতুন কোচ খুঁজতে গিয়ে গত ১৩ বছরে ক্লাবটির খরচ কম হয়নি। কোচ নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণ বাবদ ইউনাইটেডের খরচ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার।
স্পোর্টস ইলাস্ট্রেটেডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে ফার্গুসন অবসরে যাওয়ার পর থেকে স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতজন। ইউনাইটেডের তালিকায় সর্বশেষ বিদায় নেওয়া নাম মাইকেল ক্যারিক, যিনি অষ্টম স্থায়ী কোচ হিসেবে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। কোচদের নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণ হিসাব করলে ক্লাবটির মোট ব্যয় দাঁড়িয়েছে ১২৯ মিলিয়ন ডলারে। উল্লেখ্য, এই অঙ্কের মধ্যে কোচদের বেতন অন্তর্ভুক্ত নয়।
হোসে মরিনিও সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পেয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁকে বরখাস্ত করার পর ইউনাইটেডকে দিতে হয়েছিল ২৬.২ মিলিয়ন ডলার। এরপর রালফ রাংনিকের বিদায়েও বড় অঙ্কের খরচ হয়। ২০২১-২২ মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার সময় তাঁকে দেওয়া হয়েছিল ১৯.৬ মিলিয়ন ডলার। যদিও তাঁর স্বল্পমেয়াদি কোচের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরামর্শক হিসেবে কাজ করার কথা ছিল।
রুবেন আমোরিমের নিয়োগ ও বিদায়ের অভিজ্ঞতা ছিল সবচেয়ে ব্যয়বহুল। স্পোর্টিং সিপি থেকে তাঁকে আনতে ইউনাইটেডকে ১৪.৭ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারিতে দায়িত্ব হারানোর পর তিনি ক্ষতিপূরণ হিসেবে আরও ১৩.৪ মিলিয়ন ডলার পান। অর্থাৎ তাঁর পেছনে মোট ব্যয় দাঁড়িয়েছে ২৮.১ মিলিয়ন ডলার। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউনাইটেডের কোচদের মধ্যে প্রিমিয়ার লিগে তাঁর জয়ের হার ছিল সবচেয়ে কম।
ক্লাবটি কোচ নিয়োগে অন্যদের পেছনেও অর্থ ব্যয় করেছে। ওলে গুনার সুলশারের জন্য মোলদেকে ১.৩ মিলিয়ন ডলার এবং এরিক টেন হাগের জন্য আয়াক্সকে ২.১ মিলিয়ন ডলার দিতে হয়েছিল। তাঁদের বিদায়ের ক্ষতিপূরণ ছিল যথাক্রমে ১৩.৪ ও ১৩.৯ মিলিয়ন ডলার। লুই ফন গাল পেয়েছিলেন ১১.২ মিলিয়ন ডলার, আর ডেভিড ময়েসের বিদায়ে খরচ হয়েছিল ৬.৫ মিলিয়ন ডলার।
ক্যারিকের বিদায়ে ইউনাইটেডের খরচ তুলনামূলকভাবে কম হচ্ছে। মে মাসে চুক্তি করার সময় রাখা ব্রেক ক্লজের কারণে ২০২৬-২৭ মৌসুমের বাকি সময়ের বেতন বাবদ ৬.৭ মিলিয়ন ডলার দিতে হবে তাঁকে। ২০১৪ সালে ময়েসের বিদায়ের পর এটিই কোনো কোচকে বরখাস্ত করতে ইউনাইটেডের দেওয়া সর্বনিম্ন ক্ষতিপূরণ।
সব মিলিয়ে কোচদের নিয়োগে ১৮.১ মিলিয়ন এবং বরখাস্তে ১১০.৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে ইউনাইটেড। অর্থাৎ নতুন কোচ আনার চেয়ে বিদায় জানাতে অনেক বেশি অর্থ খরচ হয়েছে তাদের। ২০১৬ সালে পল পগবাকে জুভেন্টাস থেকে ফিরিয়ে আনতে যে ১১৬ মিলিয়ন ডলার ব্যয় করেছিল ক্লাবটি, কোচদের পেছনে খরচ তার চেয়েও বেশি।
এখন ক্যারিকের উত্তরসূরি খুঁজছে ইউনাইটেড। প্রতিবেদনে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন কোচ। তবে তাঁর চুক্তিতে ১০ মিলিয়ন ডলারের বাইআউট ক্লজ রয়েছে। কোচিং স্টাফকে সঙ্গে আনতে হলে ইউনাইটেডকে আরও অর্থ খরচ করতে হতে পারে।
বিকল্প হিসেবে আলোচনায় আছেন উনাই এমেরি, ইয়ুলিয়ান নাগলসমান ও আন্তোনিও কন্তেও। অ্যাস্টন ভিলার কোচ এমেরিকে পেতে প্রায় ২৭ মিলিয়ন ডলার দাবি করতে পারে তাঁর বর্তমান ক্লাব। নাগলসমান ও কন্তে বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকায় তাঁদের নিয়োগে ক্ষতিপূরণ দিতে হবে না। নিউক্যাসল ছেড়ে যাওয়া এডি হাওয়েকেও বিবেচনায় রাখতে পারে ইউনাইটেড; তাঁকে নিয়োগ দিলে প্রায় ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফার্গুসনের পর একের পর এক কোচ বদল করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ নিয়োগের আগে তাদের সামনে বড় প্রশ্ন হলো—আর কত অর্থ খরচ করলে মিলবে সঠিক উত্তর?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন