প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদেশে গিয়ে কোনো বাংলাদেশি নাগরিক যদি গ্রেফতার হন অথবা গুরুতর অপরাধের বিচারের সম্মুখীন হন, তখন তার আইনি অধিকার কী হবে? সংশ্লিষ্ট দেশের আদালতে বিচার চলাকালীন, নিজ দেশের দূতাবাস তার পাশে দাঁড়াতে পারে কি? আইনজীবী নিয়োগ, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজা ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার সুযোগ কতটুকু? সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এসব প্রশ্ন নতুন করে সামনে এনেছে।
বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকদের আইনি জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো বাদল ফরাজি। ২০০৮ সালে ভারতের দিল্লিতে এক নারী হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম ছিল বাদল সিং। একই বছরের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। তার পরিবার দাবি করে যে তিনি তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে হত্যাকাণ্ডের আসামি বাদল সিং হিসেবে গ্রেফতার করে।
২০১৫ সালে দিল্লির একটি আদালত তাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
বাদল ফরাজির ঘটনা দেখিয়েছে, বিদেশে গ্রেফতার হওয়ার পর একজন বাংলাদেশি নাগরিকের জীবন কতটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারে। একই সঙ্গে তার আইনি লড়াইয়ে নিজ দেশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নও সামনে এনেছে।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও একই ধরনের উদ্বেগ তৈরি করেছে। সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাআজির আইনে তাদের বিচার করা হয়। পরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অভিযোগ উঠেছে, বিচারিক প্রক্রিয়া চলাকালে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কিছুই জানতে পারেনি। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের আগেও বাংলাদেশ সরকারকে বিষয়টি জানানো হয়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশের আইন ভঙ্গ করে বিচারের মুখোমুখি হলে এবং তার বিরুদ্ধে দণ্ড দেওয়া হলে সংশ্লিষ্ট দেশের বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের তেমন কিছু করার থাকে না।
তবে বিদেশের আদালতের রায়ে হস্তক্ষেপ করা এবং বিচার চলাকালে একজন নাগরিককে আইনি সহায়তা দেওয়া এক বিষয় নয়। বাংলাদেশের কোনো দূতাবাস বিদেশি আদালতের বিচারককে নির্দেশ দিতে পারে না, কিন্তু আটক নাগরিকের অধিকার রক্ষা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে।
বিদেশে গ্রেফতার হলে কী কী অধিকার রয়েছে?
কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে গ্রেফতার হলে প্রথমেই তার অভিযোগ ও আটকের কারণ জানার অধিকার রয়েছে। সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী আইনজীবীর সহায়তা নেওয়া, আদালতে আত্মপক্ষ সমর্থন এবং আপিলের সুযোগ পাওয়ার অধিকারও রয়েছে।
এ ছাড়া নিজের দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ একটি অধিকার। আটক ব্যক্তি চাইলে তার পরিবারের কাছে গ্রেফতার খবর পৌঁছানোর ক্ষেত্রেও কনস্যুলার কর্মকর্তারা সহায়তা করতে পারেন।
উদাহরণ হিসেবে, কোনো বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে একটি ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন। এমন পরিস্থিতিতে তিনি স্থানীয় আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হাইকমিশন তার আটকের বিষয়টি জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ, আইনজীবী খুঁজে পেতে সহায়তা এবং বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে।
তবে এসব সহায়তার অর্থ এই নয় যে দূতাবাস আদালতের রায় পরিবর্তন করে দিতে পারবে। বিচারিক সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের আদালতের এখতিয়ারেই থাকবে।
বাংলাদেশি আইনেও সহায়তার বিধান
বিদেশে কর্মরত বাংলাদেশিদের আইনি সহায়তা পাওয়ার বিষয়টি দেশের আইনেও স্বীকৃত।
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ২৭ ধারায় বলা হয়েছে, অভিবাসী কর্মী এবং অভিবাসনের নামে প্রতারণার শিকার ব্যক্তিরা যুক্তিসংগত আইনগত সহায়তা পাওয়ার অধিকারী।
একই আইনের ২৯ ধারায় বিদেশে বিপদে পড়া বাংলাদেশি শ্রমিকদের সহায়তা এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিধান রয়েছে। এ ছাড়া ৯ ধারায় নারী অভিবাসী কর্মীদের সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, সহায়তা আইন, ২০০০-এর ২০২৬ সালে সংশোধিত ৭(১)(ঙ) ধারায় বিদেশে কর্মরত ও অভিবাসী নাগরিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিধানে উল্লেখ রয়েছে।
অর্থাৎ বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক আইনি সংকটে পড়লে রাষ্ট্রের সহায়তা করার আইনগত সুযোগ রয়েছে। তবে সহায়তার ধরন ও পরিধি সংশ্লিষ্ট আইনের প্রয়োগ, নাগরিকের অবস্থা এবং বিদেশের বিচারিক ব্যবস্থার ওপর নির্ভর করে।
ভিয়েনা কনভেনশন কী অধিকার দিয়েছে?
বিদেশে গ্রেফতার হওয়া নাগরিকদের কনস্যুলার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ১৯৬৩ সালের কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন গুরুত্বপূর্ণ।
এই কনভেনশনের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক গ্রেফতার হলে তাকে নিজের দেশের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের অধিকার সম্পর্কে জানাতে হবে। আটক ব্যক্তি অনুরোধ করলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে তার দেশের কনস্যুলেটকে গ্রেফতারের বিষয়টি জানাতে হবে।
কনস্যুলার কর্মকর্তারা আটক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করতে পারেন। তার আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও সহায়তা করতে পারেন।
ধরা যাক, সংযুক্ত আরব আমিরাতে কোনো বাংলাদেশি নাগরিক মাদকসংক্রান্ত মামলায় গ্রেফতার হলেন। তিনি যদি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হবে কনস্যুলেটকে বিষয়টি জানানো। এরপর দূতাবাস তার সঙ্গে যোগাযোগ করে স্থানীয় আইনজীবীর সন্ধান, পরিবারের কাছে খবর পৌঁছানো এবং মামলার অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহে ভূমিকা রাখতে পারে।
তবে কনস্যুলার কর্মকর্তারা আদালতের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন না। একইভাবে আটক ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করা কিংবা মুক্তি নিশ্চিত করাও দূতাবাসের ক্ষমতার মধ্যে পড়ে না।
মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কী করতে পারে বাংলাদেশ?
বিদেশে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড হলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এ ধরনের পরিস্থিতিতে বিচারিক প্রক্রিয়া, আপিলের সুযোগ, দণ্ড পুনর্বিবেচনা এবং ক্ষমার আবেদন করার বিধান রয়েছে কি না, তা দ্রুত খতিয়ে দেখা জরুরি।
উদাহরণ হিসেবে, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে হত্যার মামলায় মৃত্যুদণ্ড পেলেন। বিচারিক প্রক্রিয়া চলাকালে দূতাবাস বিষয়টি জানতে পারলে স্থানীয় আইনজীবীর সঙ্গে যোগাযোগ, আপিলের সময়সীমা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পরিবারের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে পারে। সংশ্লিষ্ট দেশের আইনে ক্ষমার আবেদন বা দণ্ড লঘু করার সুযোগ থাকলে সে বিষয়ে আইনজীবীর মাধ্যমে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় এ প্রশ্নটি বিশেষভাবে সামনে এসেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিচার হয়েছে তাআজির আইনে।
ইসলামি বিচারব্যবস্থায় তাআজির এমন এক ধরনের শাস্তিব্যবস্থা, যেখানে অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় বিচারকের শাস্তি নির্ধারণের সুযোগ থাকে। ফলে এ ধরনের মামলায় মৃত্যুদণ্ডই একমাত্র সম্ভাব্য শাস্তি ছিল কি না, তা জানতে আদালতের পূর্ণাঙ্গ রায় ও বিচারিক নথি পর্যালোচনা করা প্রয়োজন।
বাংলাদেশ দূতাবাস যদি বিচার চলাকালে বিষয়টি জানতে পারত, তাহলে আইনজীবী নিয়োগ, আপিল কিংবা দণ্ড লঘু করার আবেদন করার সুযোগ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
কূটনৈতিক উদ্যোগে মৃত্যুদণ্ড মওকুফের নজির
সৌদি আরবে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড মওকুফের নজিরও রয়েছে। ২০১৩ সালে শ্রীলঙ্কার এক নারী গৃহকর্মীর মৃত্যুদণ্ড মওকুফের ক্ষেত্রে দেশটির সরকার উদ্যোগ নিয়েছিল।
এ ধরনের ঘটনা দেখায়, বিদেশের বিচারিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের সুযোগ না থাকলেও কূটনৈতিক যোগাযোগ ও আইনি উদ্যোগের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে দণ্ড মওকুফ বা লঘু করার চেষ্টা করা সম্ভব।
তবে প্রতিটি মামলার অপরাধ, প্রমাণ, বিচারিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট দেশের আইন আলাদা। তাই একটি মামলার ক্ষেত্রে সফল উদ্যোগ অন্য মামলাতেও একই ফল দেবে, এমন নিশ্চয়তা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন