প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের জানুয়ারি থেকে বর্তমানে ইসরাইলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী অথবা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছেন। তবে চলতি বছরে তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করেন। এ ছাড়া চলতি বছরে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমাগত বেড়ে চলেছে। হারেৎজ জানায়, যুদ্ধের আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সাতজন কর্মরত সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২ জন।
তবে সেনাবাহিনীর এই পরিসংখ্যানে পূর্ণ চিত্র উঠে আসেনি। কারণ সক্রিয় দায়িত্বে না থাকা অবস্থায় আত্মহত্যা করা সেনাদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গত বছর ইসরাইলি সেনাবাহিনী জানায়, ২০২৩ সাল থেকে এ ধরনের ১৫টি ঘটনা শনাক্ত করেছে তারা। সেনাবাহিনীর জনবল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘১৫টি ঘটনার এই হিসাব হয়তো কম করে দেখানো হয়েছিল। তবে আগের বছরগুলোতে কয়েকটি ঘটনা বাদ পড়লেও আত্মহত্যার সংখ্যা যে বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।’
হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণাবিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, ২০২৬ সাল এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা সেনারা, বিশেষ করে রিজার্ভ সেনারা, আত্মহত্যার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, ‘আত্মহত্যার হার বিবেচনায় আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরিস্থিতি নাটকীয় রূপও নিতে পারে।’
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৭ জন সাবেক সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার যোগসূত্র থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তারা। আরেকটি ঘটনা এখনো তদন্তাধীন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর আত্মহত্যা করা কর্মরত সেনাদের অধিকাংশই এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেননি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানে ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন