প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় একটি মিনিবাস এবং কনটেইনারবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার নিকটবর্তী রংগাজান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মিনিবাসটি বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে, যার ফলে মিনিবাসটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে গাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজনের মরদেহও উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। বাসের ভেতর থেকে একের পর এক মরদেহ উদ্ধারের কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত সাতজনকে চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা বলেন, কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকায় চলাচলের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ থাকা সত্ত্বেও মিনিবাসটি দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কনটেইনারবাহী ট্রাকটির সঙ্গে মিনিবাসের সংঘর্ষ ঘটে।
এদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি এক শোকবার্তায় বলেন, কাজিরাঙায় এত মানুষের প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বজন হারানোর শোক কোনো কথায় দূর করা সম্ভব নয়। তবে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নিজেদের একা মনে না করে। আসামের মানুষ তাদের পাশে রয়েছে।
সূত্র: এনডিটিভি
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন