প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৮৬৭ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ ১৫৯ বছর ধরে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এই বিদ্যালয়ের জাতীয়করণ এখনো হয়নি, যা সংশ্লিষ্টদের মধ্যে বৈষম্যের অভিযোগ তৈরি করছে। বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত জাতীয়করণের দাবি জানাচ্ছেন।
বিদ্যালয়ের শিক্ষকদের দাবি, ২০১৭ সালে সরকারি নীতিমালার সব মানদণ্ড পূরণ করার কারণে তৎকালীন প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গিয়েছিল। তবে সেটি বাস্তবায়িত হয়নি। বরং কিছুদিন পরে নাম পরিবর্তন করে তুলনামূলক কম যোগ্য একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে, যা তারা বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
সহকারী প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, ‘বিদ্যালয়টি সবদিক থেকে জাতীয়করণের সব শর্ত পূরণযোগ্য, কিন্তু এটি দীর্ঘদিন ধরে অযৌক্তিকভাবে বঞ্চিত রাখা হচ্ছে। যা শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে হতাশা তৈরি করেছে।’ সহকারী শিক্ষক শারমিন আক্তার জুথি বলেন, ‘এই বিদ্যালয়ের ঐতিহ্য ও সাফল্যের যথাযথ স্বীকৃতি হিসেবে জাতীয়করণ হওয়া উচিত, এতে শিক্ষার মান আরো উন্নত হবে।’
সাবেক শিক্ষার্থী ও ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী বলেন, ‘এত পুরনো ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান জাতীয়করণের বাইরে থাকা সত্যিই দুঃখজনক।’
সাবেক শিক্ষার্থী ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমি এই স্কুলের ছাত্র ছিলাম, এখন আমার সন্তানও এখানে পড়ে। এত পুরনো একটি প্রতিষ্ঠান এখনো জাতীয়করণ না হওয়া অত্যন্ত দুঃখজনক।’
প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন জানান, বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ২৯৩ জন এবং শিক্ষক-কর্মচারী মিলিয়ে ৪৫ জন। তিনি জাতীয়করণের জন্য পুনরায় আবেদন করারও কথা জানান।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, ‘জাতীয়করণের তালিকায় নাম আসার পরও রাজনৈতিক কারণে তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত জাতীয়করণের দাবি জানাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তবে জনগণের দাবির প্রেক্ষিতে সরকার চাইলে জাতীয়করণের বিষয়টি বিবেচনা করতে পারে।’
৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ‘লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তার গৌরবময় ইতিহাস ও অবদান বিবেচনায় জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে দেখার সুযোগ রয়েছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব।’
এদিকে, দ্রুত জাতীয়করণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন