প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) অভিযানে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে, অভিযানের সময় অস্ত্র কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪, ময়মনসিংহের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফা বেগম।
র্যাব জানায়, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় একটি চক্র অবৈধ অস্ত্রের সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কয়েকজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী অস্ত্রের চালান কেনাবেচা ও হাতবদলের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই এবং জড়িতদের হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অস্ত্র কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব তাদের ধাওয়া করলে তারা বহন করা একটি লাল রঙের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়। তবে দীর্ঘ ধাওয়া সত্ত্বেও অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি।
র্যাবের মিডিয়া অফিসার লুৎফা বেগম জানান, উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে র্যাবের একাধিক দল কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অস্ত্র আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন