প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাটকা নিধন এবং অবৈধভাবে মাছ আহরণ রোধে কঁচা নদীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়, যেখানে দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) জাটকা সংরক্ষণ কর্মসূচি উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান নিয়মিত অভিযান পরিচালনা করছেন কঁচা ও পোনা নদীতে, যাতে জাটকা সংরক্ষণ এবং নদীর মৎস্যসম্পদ রক্ষা করা যায়।
এরই ধারাবাহিকতায়, বুধবার বিকেলে কঁচা নদীতে অভিযান চালানোর সময় রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) ব্যবহার করে জাটকা নিধন এবং অবৈধ মৎস্য আহরণের অভিযোগে জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার ইউসুফ আলী বেপারীর ছেলে জসিম বেপারী এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে মোহর আলীকে আটক করা হয়।
অভিযানকালে একটি রাক্ষুসে নেট (বেহুন্দী জাল) এবং প্রায় ৫ কেজি গুঁড়া মাছ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর ৩(৩)(ক)(অ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫(১) ধারার বিধান অনুযায়ী দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামসহ পুলিশ সদস্য এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন