প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি ইতালির আল্পস পর্বতমালার জনপ্রিয় দুটি স্কি রিসোর্ট শহরে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে। তবে এই উদ্যোগের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে অসন্তোষ প্রকাশিত হয়েছে। তারা মনে করছেন, কেএফসির মতো ফাস্টফুড রেস্টুরেন্ট পাহাড়ি এলাকার প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী, কেএফসি আগামী ৫ ডিসেম্বর ইতালির কর্টিনা ডি'অ্যাম্পেজ্জো ও ম্যাডোনা ডি ক্যাম্পিগলিও শহরে দুটি রেস্টুরেন্ট চালু করবে। উত্তর ইতালির ডলোমাইট পর্বতমালার এই দুই শহর স্কি করার জন্য পরিচিত।
কর্টিনা ডি'অ্যাম্পেজ্জোতে কেএফসির শাখাটি ফালোরিয়া মাউন্টেন ক্লাবে ২ হাজার ১২৩ মিটার উচ্চতায় স্থাপন করা হবে। অন্যদিকে, ম্যাডোনা ডি ক্যাম্পিগলিওর শাখাটি পিয়ানা ডি নামবিনো এলাকায় ১ হাজার ৭০০ মিটার উচ্চতায় খোলা হবে। এটি ইতালির স্কি ট্রেইলে প্রথম ফাস্টফুড চেইনের রেস্তোরাঁ হিসেবে পরিচিত হবে।
কেএফসি ইতালির বিভিন্ন পর্যটনকেন্দ্রে অ্যাপ্রে-স্কি বার পরিচালনাকারী প্রতিষ্ঠান সুপার জির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই দুটি রেস্টুরেন্ট চালু করছে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই উদ্যোগের সমালোচনা করেছেন। তারা বলেছেন, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে কেএফসির মতো ফাস্টফুড রেস্টুরেন্টের প্রয়োজন নেই। কিছু লোক আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভাজা মুরগির গন্ধ বন্যপ্রাণীকে বিরক্ত করতে পারে।
কন্টেন্ট ক্রিয়েটর মাত্তেও পেরোনিও এই উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, পাহাড়ের মতো প্রাকৃতিক পরিবেশে ফাস্টফুড রেস্টুরেন্ট কতটা উপযুক্ত এবং এটি বন্যপ্রাণীর ওপর কী প্রভাব ফেলতে পারে।
কিন্তু কেএফসি জানায়, তারা যেসব এলাকায় ব্যবসা পরিচালনা করে, সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। প্রতিষ্ঠানটি কর্টিনা ডি'অ্যাম্পেজ্জো ও ম্যাডোনা ডি ক্যাম্পিগলিওর স্থানীয় বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে।
অন্যদিকে, ইতালির সংবাদমাধ্যম করিয়েরে দেলা সেরা বলছে, স্কি করতে আসা পর্যটকদের জন্য এই রেস্টুরেন্ট দুটি দ্রুত এবং তুলনামূলক সাশ্রয়ী খাবারের সুযোগ তৈরি করতে পারে। স্কি রিসোর্টের অনেক হোটেলে ইতিমধ্যেই দ্রুত খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে।
খাদ্য ইতিহাসবিদ কলিন ক্যাপলানের মতে, এই বিরোধের মূল কারণ স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়। ইতালির ওই অঞ্চলের খাবারে পাস্তা, ডাম্পলিং, মাংস ও পনিরের মতো ঐতিহ্যবাহী উপাদানের প্রাধান্য রয়েছে। দীর্ঘদিন ধরে জার্মানি ও অস্ট্রিয়ার খাবারের সংস্কৃতির প্রভাবও সেখানকার রান্নায় দেখা যায়।
তিনি আরও বলেন, জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রগুলোতে আসা অনেক পর্যটক বড় শহরের ব্যস্ততা ও বাণিজ্যিক পরিবেশ থেকে দূরে সময় কাটাতে চান। তাই পাহাড়ি এলাকায় আন্তর্জাতিক ফাস্টফুড চেইনের উপস্থিতি তাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে।
তবে স্কি রিসোর্টে ফাস্টফুড রেস্টুরেন্ট চালানোর নজির রয়েছে। সুইডেনের স্যালেনে ১৯৯৬ সাল থেকে ম্যাকডোনাল্ডসের একটি শাখা চালু রয়েছে, যেখানে স্কি করতে করতেই খাবার সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন