প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জমিদারি ব্যবস্থা এখন নেই, রাজকীয় শাসনের জৌলুসও হারিয়ে গেছে। তবুও কালের সাক্ষী হিসেবে পুঠিয়া রাজবাড়ী ও তার আশেপাশের প্রাচীন মন্দির-স্থাপনা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
তথ্য অনুযায়ী, ইতিহাস, ঐতিহ্য এবং অপূর্ব স্থাপত্যশৈলীর এই অনন্য সমাহার দেখতে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটক ও ইতিহাসপ্রেমীরা আসেন। পুঠিয়া রাজবাড়ী শুধুমাত্র একটি প্রাচীন প্রাসাদ নয়, বরং এটি বাংলার জমিদারি শাসন, ধর্মীয় সংস্কৃতি এবং স্থাপত্যশিল্পের একটি সমৃদ্ধ অধ্যায়ের প্রতীক। ইতিহাস থেকে জানা যায়, মোগল সম্রাট আকবরের শাসনামলে (১৫৫৬-১৬০৫) পুঠিয়া জমিদার বংশের উত্থান ঘটে, যেখানে পীতাম্বরকে এই রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
রাজবাড়ীকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে একসময় এর চারপাশে খনন করা হয়েছিল পাঁচটি দিঘি বা পরিখা। এগুলো হলো—শিবসাগর, গোবিন্দসাগর, রাধাসাগর, মরাচৌকি ও ইলা দিঘি। পরবর্তীতে রাজবাড়ীর সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করা হয় শ্যামসাগর দিঘি। ১৭৪৪ সালে পুঠিয়া জমিদারি চার ভাগে বিভক্ত হলে চারজন জমিদার বিভিন্ন অংশের অধিকার পান। এর মধ্যে পাচঁআনি ও চারআনি জমিদারি বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজা নরেন্দ্রনারায়ণ পাচাঁনি অংশের দায়িত্ব পান, অন্যদিকে চারআনি অংশের অধীনে ছিল গোবিন্দ মন্দির, গোলাম মন্দির ও হাওয়াখানাসহ একাধিক স্থাপনা। নরেন্দ্রনারায়ণের ছেলে জগন্নারায়ণ পরবর্তী সময়ে পুঠিয়ার রাজা হন। তার মৃত্যুর পর স্ত্রী রানি ভুবনময়ী দেবী জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। ধর্মপরায়ণ ও দানশীল হিসেবে পরিচিত এই রানির আমলে ১৮২৩ সালে নির্মিত হয় বিখ্যাত শিবমন্দির। পরবর্তী সময়ে তার উত্তরসূরিরা জমিদারি পরিচালনার পাশাপাশি ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে অবদান রাখেন। এ রাজপরিবারের ইতিহাসে মহারানি হেমন্তকুমারী দেবী বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৮৯৫ সালে তিনি শাশুড়ি মহারানি শরৎসুন্দরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে বর্তমান পুঠিয়া রাজবাড়ী পুনর্নির্মাণ করেন। পরে ১৯০৮ সালে দৌহিত্রদের পাঁচআনি জমিদারি উত্তরাধিকার সূত্রে দান করেন। জমিদারি পরিচালনা, ধর্মীয় কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ আমলে রাজপরিবারের সদস্যরা মহারানি উপাধিতে ভূষিত হন।
১৯৪৭ সালে দেশভাগের পর পুঠিয়ার রাজপরিবারের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্তির ফলে এ অঞ্চলের দীর্ঘদিনের জমিদারি শাসনের অবসান ঘটে। তবে শাসনব্যবস্থার অবসান হলেও তাদের রেখে যাওয়া স্থাপত্য ও ঐতিহ্য হারিয়ে যায়নি।
প্রায় ৪.০১ একর জমির ওপর আয়তাকার পরিকল্পনায় নির্মিত পুঠিয়া রাজবাড়ী। প্রাসাদটির স্থাপত্যশৈলীতে ইন্দো-ইউরোপীয় রীতির প্রভাব স্পষ্ট। ভবনের নিচতলায় সংরক্ষিত শিলালিপিতে ১৮৯৫ সালে মহারানি হেমন্তকুমারী দেবী তার শাশুড়ি মহারানি শরৎসুন্দরী দেবীর স্মরণে প্রাসাদটি নির্মাণের তথ্য পাওয়া যায়। রাজবাড়ীর নিচতলা ও দোতলায় রয়েছে বিভিন্ন আকারের কক্ষ। ভবনের মাঝখানে রয়েছে দৃষ্টিনন্দন পেটিও। অলংকরণ, নকশা, কাঠের সিঁড়ি এবং ছাদের ওপর কলসাকৃতির ফিনিয়াল প্রাসাদটির সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। নিচতলায় রয়েছে ১২টি কক্ষ।
প্রতিটি স্থাপত্য উপাদানেই ধরা পড়ে তৎকালীন নির্মাণশিল্পীদের শৈল্পিক দক্ষতা ও রুচির পরিচয়। পুঠিয়া রাজবাড়ীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, প্রাসাদটিকে ঘিরে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপনা। বড় শিবমন্দির, জগৎ মন্দির, দোলমন্দির, বড় গোবিন্দ মন্দির, ছোট গোবিন্দ মন্দির, বড় ও ছোট আহ্নিক মন্দির, মোগল মন্দির, হাওয়াখানা এবং কেষ্টক্ষ্যাপ মঠ এর মধ্যে উল্লেখযোগ্য। এ ছাড়াও রয়েছে কৃষ্ণপুর গোবিন্দ মন্দির ও তার নাটমন্দির, কৃষ্ণপুর শিবমন্দির, মহারানি হেমন্তকুমারী দেবীর বাসভবন বা রানিমহল এবং তার স্নানঘর। প্রতিটি স্থাপনার সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা ইতিহাস, ধর্মীয় অনুষঙ্গ ও নির্মাণশৈলীর বৈচিত্র্য। পুঠিয়ার জমিদার ও রাজপরিবারের সদস্যরা নিজেদের সময়ের প্রয়োজন এবং রুচি অনুযায়ী নির্মাণ করেছিলেন প্রাসাদ, মন্দির, দিঘি ও বিভিন্ন জনকল্যাণমূলক স্থাপনা। সেইসব স্থাপনা আজও তাদের ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস, শিল্পবোধ ও সামাজিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়ার মোট ১৪টি প্রাচীন স্থাপনাকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে রক্ষণাবেক্ষণ করছে। ফলে পুঠিয়া কেবল পর্যটনকেন্দ্র নয়, বাংলার ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য চর্চারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
তবে দীর্ঘদিন পুঠিয়া রাজবাড়ী ছিল অনেকটাই অবহেলিত। সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীন স্থাপনাগুলোর নানা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পুঠিয়া রাজবাড়ী ও জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান জানান, একসময় রাজবাড়ীটি অবহেলিত অবস্থায় ছিল। ২০১৫ সাল থেকে এর সংস্কারকাজ শুরু হয়। পরে ২০২১ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রাজবাড়ী আজ নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। প্রাচীন মন্দিরের কারুকাজ, রাজপ্রাসাদের স্থাপত্য, দিঘির শান্ত পানি এবং চারপাশের ঐতিহাসিক পরিবেশÑসব মিলিয়ে পুঠিয়া যেন বাংলার অতীতকে ছুঁয়ে দেখার এক অনন্য সুযোগ। জমিদারি শাসনের অবসান হয়েছে বহু আগে। রাজা-রানিদের সেই জৌলসও এখন ইতিহাসের অংশ। কিন্তু তাদের রেখে যাওয়া প্রাসাদ, মন্দির ও দিঘিগুলো এখনো বলে চলেছে এক সমৃদ্ধ সময়ের গল্প। সেই গল্পের নাম পুঠিয়া রাজবাড়ী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন