প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের ছত্রছায়ায় এস আলম মাফিয়া গ্রুপে পরিণত হয়েছে। ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান দখল করে এবং নাম-বেনামে প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে এই গোষ্ঠী। অর্থ লুটের এই মহোৎসবে রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে। ব্যবসায়ী ও আর্থিক খাত বিশ্লেষকরা জানিয়েছেন, এর মাশুল ব্যাংকসহ দেশের পুরো আর্থিক খাতকে গুণতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দেশের ব্যাংক খাতে আতঙ্কের নাম চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ গ্রহণের মাধ্যমে শুরু হয় এস আলম গ্রুপের একচ্ছত্র আধিপত্য বিস্তারের নতুন অধ্যায়।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একে একে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়নসহ সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর নিয়ম নীতির তোয়াক্কা না করে সাধারণ গ্রাহকের আমানতের অর্থ ইচ্ছে মতো বের করে নেয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে ‘এস গ্রুপ’ ছদ্মনামের একটি শিল্পগোষ্ঠী। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে, এস গ্রুপ আসলে এস আলম গ্রুপ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নথি থেকে জানা যায়, এস আলম গ্রুপ চারটি ব্যাংক থেকে এক লাখ ৭৮ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। ৩৫ হাজার কোটি টাকা লুটপাটের দালিলিক প্রমাণও পাওয়া গেছে। ইতোমধ্যে ২৭টি মামলাও করেছে সংস্থাটি।
আর্থিক খাত বিশ্লেষক ও বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, এস আলম গ্রুপের আগ্রাসনে ভেঙে পড়া ব্যাংকের মাশুল পুরো আর্থিক খাতকে গুণতে হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে অর্থপাচার ও আত্মসাৎ করার সুযোগ দিয়ে ব্যাংকখাতকে পঙ্গু করা হয়েছে। বর্তমানে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের খুঁড়িয়ে চলতে হচ্ছে।
এস আলমসহ মদদ পুষ্ট অর্থায়নে ঊর্ধ্বমুখী খেলাপি ঋণের কারণে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, যার জের আগামীতে টানতে হবে বলে মনে করেন বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
তিনি বলেন, প্রাইভেট সেক্টরে ঋণ দেয়ার ঝুঁকি অনেক বেশি। অর্থনীতিতে মন্দা, এইসব মিলিয়েই প্রাইভেট সেক্টরের গ্রোথকে দুর্বল করে রেখেছে। ব্যাংকিং সিস্টেমে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। তা যদি না বাড়ত, তাহলে সেই ঋণটাই আগামীতে সারকুলেট করত।
বিশ্লেষকরা মনে করেন, ব্যাংক লুট করে হুন্ডি এবং আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে এস আলমের অর্থপাচারের ঘটনা দেশের ব্যাংক খাতের পদ্ধতিগত ব্যর্থতার চরম দৃষ্টান্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন