প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত, অতিরঞ্জিত ও খণ্ডিতভাবে প্রচার করা সংবাদ প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন।
আজ তিনি এ-সংক্রান্ত একটি বিবৃতিতে জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে তার একটি কথিত উক্তিকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে আংশিক, খণ্ডিত, অতিরঞ্জিত ও বিকৃত তথ্য প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সংশ্লিষ্ট মামলার কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে তার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও আলাদা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, ওই সময় তার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রধান বিচারপতি গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্যটি প্রদান করেননি। বরং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল তার বিবৃতিতে আরও বলেন, আমি আশা করি চিফ প্রসিকিউটরের এই সুস্পষ্ট ব্যাখ্যার পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ইতোমধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানগত মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, প্রধান বিচারপতির কোনো বক্তব্যকে বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন যে বিচারপতিগণ বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা, সংযম ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে তাদের সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা কোনো বক্তব্যের বিষয়ে সাধারণত নিজের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করতে পারেন না। ফলে তাদের বক্তব্য সম্পর্কে কোনো ভুল, বিভ্রান্তি বা বিকৃত তথ্য প্রচারিত হলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায়। আমি সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, যারা প্রধান বিচারপতির বক্তব্য সম্পর্কে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিত তথ্য প্রচার করেছেন তারা যেন অবিলম্বে ওই সংবাদ প্রত্যাহার করেন এবং যথাযথ সংশোধনী প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন