প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য অধিকার ফোরাম তথ্য কমিশনকে আরো কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছে, যাতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সংগঠনটি কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা সুপ্রিম কোর্টের বিচারকদের সমান করার প্রস্তাব করেছে, পাশাপাশি পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে এবং আইন সম্পর্কে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের সুপারিশ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন তথ্য কমিশনের সাথে সাক্ষাৎ করে তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরেছে।
তথ্য অধিকার ফোরাম উল্লেখ করেছে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য তথ্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কমিশন আইন দ্বারা প্রদত্ত ক্ষমতার আওতায় দেওয়ানি আদালতের মতো অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে সক্ষম। প্রয়োজনে কমিশন জরিমানা আরোপ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করতে পারে।
ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ হওয়া উচিত। এই কারণে প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমান হওয়া প্রয়োজন।
বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাছাড়া, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করার জন্য কমিশনারদের যথাযথ পদমর্যাদা থাকা অপরিহার্য।
তথ্য কমিশনকে পেশাদারিত্বের সাথে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছে তথ্য অধিকার ফোরাম।
এছাড়া, কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল এবং এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংগঠনটি।
নতুন তথ্য কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম জানিয়েছে, কমিশন স্বাধীন ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পাশাপাশি বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারম্যান অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন