প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের তারাকান্দায় বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রতারণার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারোয়ারী গ্রামের ইন্নছ আলীর ছেলে রহমত উল্লাহ ও রাসেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ প্রতারণার শিকার এক ভুক্তভোগী অভিযোগ দায়ের করার পর তারাকান্দা থানা পুলিশ অভিযানে নেমে পড়ে। থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে রহমত উল্লাহ ও রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ভুক্তভোগীর সম্পূর্ণ ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল হক জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকসহ বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় তারাকান্দা থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০/১০৯ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আঃ রাশিদ বলেন, বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণা এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন