প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতিসংঘের কাছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জোরালো সহযোগিতা চেয়েছে।
বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন এলডিসি উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের সহযোগিতা দাবি করেছে। একই সময়ে, এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোরও অনুরোধ জানানো হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব আহ্বান জানান।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহয়া, ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয় তুলে ধরেন।
ড. তিতুমীর বলেন, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সময় আরও তিন বছর বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। তাঁর মতে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি কার্যকরভাবে বাস্তবায়ন এবং টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতেই এই সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
লি জুনহয়া বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) অব্যাহত সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি উত্তরণ প্রক্রিয়া সফল ও টেকসই করতে সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে, ড. তিতুমীর বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের দেওয়া গণরায় সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিমূলক সুশাসন এবং জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেওয়ার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। তিনি সরকারের ‘৩ আর’ কৌশল- রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন- এর কথা তুলে ধরেন।
জবাবে, আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা বাংলাদেশের এলডিসি উত্তরণ, আঞ্চলিক সংযোগ এবং জলবায়ু সহনশীলতা জোরদারে ইউএন-এসক্যাপের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। সরকারি সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগেরও প্রশংসা করেন।
ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে, ড. তিতুমীর গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশকে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন