প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (২২ জুন) ‘গ্রুপ আই’-এর ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ইরাকের মুখোমুখি হচ্ছে। নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপে সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন। আজ বোস্টনের মাঠে ইরাকের বিপক্ষে আরেকটি জয় পেলেই ফরাসিদের শেষ ৩২ বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাদশে বড় কোনো ওলটপালট বা পরীক্ষা-নিরীক্ষার পক্ষে নন ফরাসি কোচ। নকআউটের পথে এগিয়ে যাওয়ার জন্য দলের জয়ের এই ছন্দ এবং ভারসাম্য ধরে রাখতে কেবল কিছু ছোটখাটো পরিবর্তন আনতে পারেন তিনি।
বড় বড় টুর্নামেন্টগুলোতে স্কোয়াডের স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশমের সুনাম রয়েছে। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে রক্ষণভাগে কিছুটা দুর্বলতা দেখা গেলেও, বিরতির পর লেস ব্লুজরা অনন্য উচ্চতায় পৌঁছায়। তাই বিশ্বকাপের অন্যতম ফেভারিট এই দলের ভারসাম্য নষ্ট করতে চান না কোচ।
ইরাক ম্যাচের একাদশে মাঠের বাম প্রান্তে সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যেতে পারে। আক্রমণভাগে ডেসিরে ডুয়ের পরিবর্তে শুরুর একাদশে তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে, লেফট ব্যাক পজিশনে থিও হার্নান্দেজের জায়গায় সুযোগ পেতে পারেন অভিজ্ঞ লুকাস দিনিয়ে।
মাঝমাঠেও একটি পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। গত কয়েকদিনে ২৫ বছর বয়সী মিডফিল্ডার মানু কোনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে দেশম। চলতি সপ্তাহের অনুশীলনে কোনেকে আদ্রিয়েন রাবিয়তের সাথে জুটি বেঁধে খেলতে দেখা গেছে, যা ইঙ্গিত করে যে আজ তাঁর কাঁধে শুরুর একাদশের দায়িত্ব আসতে পারে। তবে মাঝমাঠ ও বাম প্রান্তে কিছুটা বদল এলেও দলের মূল মেরুদণ্ডে কোনো পরিবর্তন আসবে না। আক্রমণভাগে কিলিয়ান এমবাপের সাথে থাকছেন মাইকেল অলিস এবং উসমান দেম্বেলে।
ইরাককে নিয়ে সতর্ক থাকছেন সালিবা। প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ইরাকের জন্য টুর্নামেন্টে টিকে থাকতে ইতিবাচক ফলাফল পাওয়া ছাড়া উপায় নেই। গত দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে কাজটা তাদের জন্য অত্যন্ত কঠিন। তবে প্রতিপক্ষ কাগজে-কলমে পিছিয়ে থাকলেও বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগছে না ফরাসি শিবির।
পিঠের ব্যথা সামলে ওঠা ফ্রান্সের তারকা সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা শনিবার এক সংবাদ সম্মেলনে ইরাককে নিয়ে সতর্ক করে বলেন, “আমরা নরওয়ের বিপক্ষে তাদের খেলার কিছু ভিডিও দেখেছি এবং আমার মনে হয়েছে তারা যথেষ্ট ভালো দল। ম্যাচটি মোটেও সহজ হবে না। সাধারণ মানুষ হয়তো ভাবছে ইরাকের বিপক্ষে খেলা মানেই আমরা অনায়াসে ৩ পয়েন্ট পেয়ে যাব, কিন্তু মাঠের লড়াইটা মোটেও তেমন হবে না।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন