প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই সন্তানের মা আমি। আমি একজন চাকরিজীবীও। জীবনের এই দুটি পরিচয় আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং দুটির প্রতি আমার দায়বদ্ধতা সমান। তবে, এই দুই জগতের মধ্যে প্রতিদিন যে সমন্বয় করতে হয়, তার গল্পটি খুব কম মানুষই জানেন।
আমার সকাল শুরু হয় নিজের জন্য নয়, বরং সন্তানদের জন্য এবং কর্মস্থলের জন্য। তাদের ঘুম থেকে তোলার কাজ, স্কুলের জন্য প্রস্তুত করা, খাওয়ানো, পড়াশোনা- সবকিছু সামলে কর্মস্থলের পথে ছুটতে হয়। সেখানে অপেক্ষা করে অসংখ্য সমস্যা ও প্রত্যাশা। দিনশেষে আবার ঘরে ফিরে আসা। তখন পদবি, দায়িত্ব, ক্ষমতা- সবকিছু সরিয়ে রেখে আমি শুধুমাত্র দুটো শিশুর মা।
এই যাত্রাপথ সবসময় সহজ নয়। কখনো সন্তানের অসুস্থ শরীরের পাশে থাকার প্রবল ইচ্ছাকে পেছনে রেখে অফিসে যেতে হয়। আবার কখনো কর্মস্থলে জরুরি দায়িত্ব পালনের সময় মন পড়ে থাকে বাড়িতে।
কখনো শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, অথচ বিশ্রামের চেয়ে দায়িত্বের ডাকটাই বড় হয়ে ওঠে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একজন কর্মজীবী মায়ের এই লড়াইয়ের বড় অংশটাই অদৃশ্য। মানুষ তার কর্মস্থলে উপস্থিতি দেখে এবং দায়িত্ব পালনের সাফল্য দেখে, কিন্তু সেই সাফল্যের পেছনে কতটা সময়ের সঙ্গে আপস, কতটা অপরাধবোধ, কতটা নির্ঘুম রাত- তা কেউ দেখে না।
একজন নারীকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয় যে তিনি একজন ভালো মা, ভালো কর্মকর্তা, ভালো স্ত্রী; সব পরিচয়েই তিনি যথেষ্ট। অথচ তিনিও একজন মানুষ। তারও ক্লান্তি আসে, মন খারাপ হয়, কখনো একটু নির্ভার হওয়ার প্রয়োজন হয়। তবুও পরদিন সকালে তিনি আবার উঠে দাঁড়ান।
আমি চাই, আমার সন্তানরা বড় হয়ে বুঝুক- তাদের মা নিজের এবং সন্তানদের ভবিষ্যতের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে কতটা যুদ্ধ করেছে। তারা দেখুক হাজার প্রতিবন্ধকতা পার করে কিভাবে ভালোবাসা ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে চলেছে।
প্রশাসনে কাজ করার আনন্দ মানুষের জন্য কিছু করতে পারায়। আর মাতৃত্বের পরম প্রাপ্তি সন্তানের ছোট্ট দুটি হাতের আলিঙ্গনে। আমি মা বলে আমার পেশাগত পরিচয় বিসর্জন দিতে চাই না। আবার পেশাগত পরিচয়ের আড়ালে মাতৃত্বের কোমলতাকেও হারাতে চাই না। কখনোই না।
হয়তো সব দিন সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে পারি না। হয়তো কোথাও একটু কমতি থেকে যায়। পেশাগত ও ব্যক্তিগত দুই জীবনেই। তারপরও দিনশেষে আত্মতৃপ্তি আছে- নিজের একটা পরিচয়ের জন্য, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে চেষ্টা করেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন