প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) এর দুই কর্মী নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে সরাসরি হামলা চালানোর ফলে তাদের মৃত্যু ঘটে। এর ফলে গাজায় এমএসএফের মোট ১৭ জন কর্মী নিহত হলেন।
শনিবার (২৮ নভেম্বর) এমএসএফ এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, হামলার পূর্বে চিকিৎসাকেন্দ্রটির অবস্থান ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। কেন্দ্রটিতে এমএসএফের লোগো স্পষ্টভাবে চিহ্নিত ছিল।
তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত দুই ব্যক্তি হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং এমএসএফ পরিচালিত ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তাদের বক্তব্য অনুযায়ী, হামলাটি কোনো হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসা অবকাঠামোর ক্ষতি হয়নি।
আইডিএফ আরও দাবি করেছে, ওই দুই ব্যক্তি ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। হামলার পূর্বে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও তারা উল্লেখ করে।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেন, তাদের সুরক্ষা দেওয়া উচিত, হামলা নয়।
বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় ওই দুই কর্মী চিকিৎসাকেন্দ্রের প্রবেশপথে বসে ছিলেন। এ সময় একটি ইসরাইলি ড্রোন নিচে নেমে এসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘটনাস্থলের ভিডিওতে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে বিস্ফোরণের চিহ্ন, রক্তের দাগ ও সীমিত ক্ষয়ক্ষতি দেখা গেছে।
নিহত দুই কর্মীর জানাজায় গাজা সিটির শত শত মানুষ অংশ নেন। সাদা কাপড়ে মোড়ানো মরদেহ কাঁধে নিয়ে শহরের সড়কগুলোতে শোকমিছিল করেন তারা।
নিহতদের একজন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলি আবু হাসিরার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে বলেন, হামলার কয়েক ঘণ্টা আগে তিনি আবু হাসিরার সঙ্গে দেখা করেছিলেন। তিনি ছিলেন শান্ত ও ভালো মনের মানুষ। স্ত্রী, দুই সন্তান ও মায়ের দেখাশোনাই ছিল তার প্রধান চিন্তা। কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেন ইমাদ।
এদিকে, গাজায় গত এক সপ্তাহে ইসরাইলি হামলার মাত্রা বেড়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, শনিবার পুরো উপত্যকায় ইসরাইলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে এমএসএফের দুই কর্মীও রয়েছেন।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা হচ্ছে। এসব এলাকায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস, যাদের অধিকাংশই বাস্তুচ্যুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন