প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাঁ-হাতি ব্যাটার শামীম হোসেনের ঝড়ো হাফ-সেঞ্চুরির কল্যাণে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।
টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া সিএ একাদশকে। শামীম ৩৩ বল খেলে ৫১ রানের ঝড়ো ইনিংস প্রদর্শন করেন।
ডারউইনের মারারা ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশ এইচপি একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বল হাতে শুরু থেকেই ভিক্টোরিয়া সিএ একাদশকে চেপে ধরেন দুই স্পিনার মোহাম্মদ রুবেল এবং রাকিবুল হাসান। তাদের ঘূর্ণিতে ভিক্টোরিয়া ১০৪ রানে নবম উইকেট হারায়। রুবেল ৪টি এবং রাকিবুল ৩ উইকেট লাভ করেন।
শেষ উইকেটে ২৭ রানের জুটিতে ভিক্টোরিয়াকে একটি মামুলি সংগ্রহ এনে দেন অধিনায়ক স্যাম হার্পার ও কালাম স্ট্রো। ৬ চার এবং ১ ছক্কায় ৩৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করা হার্পারকে শিকার করে ভিক্টোরিয়ার ইনিংসের ইতি টানেন পেসার রিপন মন্ডল। ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।
রুবেল ১৫ রানে ৪টি উইকেট নেন এবং রাকিবুল ২৮ রানে ৩ উইকেট পান।
১৩২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে বিপদে পড়ে। ৩৭ রানে তারা ৪ উইকেট হারায়। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার হাবিবুর রহমান সোহান। ১ ছক্কায় ১১ রানের বেশি করতে সক্ষম হননি আরেক ওপেনার জিশান আলম।
দ্রুত শুরু করেও ৯ বলে ১৫ রান তুলে বিদায় নিতে হয় তিন নম্বর ব্যাটার আরিফুল ইসলামকে। গত ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে ৫৯ রান করা সাব্বির রহমান এ ম্যাচে ৫ রানের অধিক করতে পারেননি।
শুরুর ধাক্কা কাটিয়ে পঞ্চম উইকেটে ৫১ বলে ৮৩ রান যোগ করেন অধিনায়ক ইরফান শুক্কুর এবং শামীম হোসেন। ৩চার এবং ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন শুক্কুর।
এরপর আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে অবিচ্ছিন্ন ১৬ রান যোগ করে ১৮তম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করেন শামীম। ২ চার এবং ৩ ছক্কায় ৩৩ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন শামীম। ৬ রানে অপরাজিত থাকেন সাকলাইন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন