প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়ায় সতিনকে ফাঁসাতে এবং পারিবারিক বিচ্ছেদের ক্ষোভ মেটাতে নিজের ১০ বছরের মেয়েকে নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের মতে, নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর এবং স্থানীয়দের সন্দেহের মুখে শেষপর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
এ ঘটনা কাকড়াবুনিয়া গ্রামে ঘটেছে।
অভিযোগ অনুযায়ী, প্রবাসী শামীম হাওলাদারের দ্বিতীয় স্ত্রী রুনু বেগম গত মঙ্গলবার (২৩ নভেম্বর) তার মেয়ে আমেনা আক্তার (১০) নিখোঁজ হয়েছে উল্লেখ করে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
রুনু বেগম অভিযোগে দাবি করেন, মঙ্গলবার সকালে মেয়েকে তেঁতুলতলা স্কুলে পৌঁছে দিয়ে তিনি জরুরি কাজে মঠবাড়িয়া যান। বিকালে ফিরে দেখেন মেয়ে বাড়ি ফেরেনি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মী ও বাসিন্দাদের ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
নিখোঁজের খবর পেয়ে খোঁজ নিতে গিয়ে রুনু বেগমের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে ওই শিশুর চাচার সঙ্গে কথা বললে পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শামীম হাওলাদার প্রথম স্ত্রী সালমা বেগমের সঙ্গে প্রায় ২৪ বছর সংসার করার পর রুনু বেগমের কারণে তাকে তালাক দেন। রুনু বেগমের আগেও একবার বিয়ে ও বিচ্ছেদ হয়েছিল। পরে শামীম হাওলাদার তাকে গোপনে বিয়ে করেন এবং তিনি দীর্ঘদিন বাবার বাড়িতেই থাকতেন।
একপর্যায়ে শামীম হাওলাদার প্রথম স্ত্রী সালমা বেগমকে মারধর শুরু করলে সালমার অভিযোগের ভিত্তিতে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় তাদের বিচ্ছেদ হয়। সেই সময় দেনমোহর ও খোরপোশ বাবদ সালমা বেগমকে দুই লাখ টাকা দেওয়া হয় এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়ে রুনু বেগমকে ঘরে তোলা হয়। এরপর থেকেই রুনু বেগম ক্ষুব্ধ হয়ে স্থানীয় নারীদের কাছে বলতেন, ‘সালমা কিভাবে দুই লাখ টাকা খায় তা আমি দেখব, টাকা কিভাবে ফেরত আনতে হয় তা আমি জানি।’
নিখোঁজের একদিন পর বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাটের এক নারীর ফোনে মেয়ের সন্ধান পান বলে দাবি করেন রুনু বেগম। পরিবারের কাউকে না নিয়ে একাই বাগেরহাটে যান তিনি। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রথম স্ত্রী সালমা বেগমকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আমেনাকে ফিরিয়ে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়।
ওই দিন বিকাল ৩টার দিকে রুনু বেগম মেয়েকে পাওয়ার কথা জানান। বাড়িতে নেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার অনুরোধ করা হলেও তা এড়িয়ে গোপনে মেয়েকে বাড়িতে নিয়ে যান তিনি।
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের একটি শিশু একদিনে কিভাবে বাগেরহাটে পৌঁছল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মায়ের দাবি অনুযায়ী, শিশুটিকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল।
তবে স্থানীয় ও সচেতন মহলের মতে, এমন বয়সের শিশুকে চেতনানাশক খাওয়ালে সাধারণত দীর্ঘমেয়াদি চিকিৎসা বা হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন হয়। তাছাড়া মঠবাড়িয়া থেকে শরণখোলা হয়ে বাগেরহাট যাতায়াতের সময় ও বাস্তবতার সঙ্গে রুনু বেগমের বক্তব্যের মিল পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শামীম হাওলাদারের বাড়িতে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে পরিবারের সদস্যদের বক্তব্যে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপস্থিতিতে রুনু বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
সন্ধানদাতা ওই নারীর মোবাইল ফোন নম্বর চাইলে রুনু বেগম তা ডিলিট হয়ে গেছে বলে জানান। অথচ তার ফোনে ১৫-২০ দিনের কললিস্ট তখনও সংরক্ষিত ছিল।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পরিবারের সদস্যদের অসংলগ্ন বক্তব্য, তথ্য গোপন, সালমা বেগমকে হুমকি এবং দুই লাখ টাকা ফেরত আনার আকাঙ্ক্ষা—সব মিলিয়ে এটি একটি পূর্বপরিকল্পিত নাটক ছাড়া কিছু নয়।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিশোধ নিতে যে নিজের সন্তানকে গুম করার নাটক সাজাতে পারে, সে যেকোনো বড় ক্ষতি করতেও পিছপা হবে না। এটি সমাজের জন্য মারাত্মক হুমকি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন