প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধরুন, একটি ছোট্ট চারাগাছ মাটিতে পুঁতে আপনি প্রতিদিন যত্ন নিচ্ছেন। প্রতিদিন পানি দিচ্ছেন, আগাছা পরিষ্কার করছেন, আর অপেক্ষা করছেন কবে তাতে কচি পাতা গজাবে কিংবা ফুল ফুটবে। কয়েক সপ্তাহ কেটে গেল, তবু মাটির নিচে যেন কোনো সাড়া নেই। মনে হতে পারে, এত পরিশ্রম কি বৃথা যাচ্ছে? অথচ ঠিক সেই মুহূর্তে মাটির গভীরে চারাগাছটি শেকড় ছড়াচ্ছে, সময় হলেই যা সবুজ হয়ে উঠবে।
আমাদের দোয়ার গল্পটাও অনেকটা এ রকম। বহুদিন ধরে হয়তো একটি চাওয়া নিয়ে মনের ভেতর পুষে রেখেছেন। নামাজের শেষে দু’হাত তুলে বলছেন, রাতের নিস্তব্ধতায় নিঃশব্দে চোখের জল ফেলছেন, তবু কাঙ্ক্ষিত ফলটা যেন অধরাই রয়ে যাচ্ছে। তখন বুকের ভেতর একটা চাপা প্রশ্ন উঁকি দেয়—দোয়া কি তবে কবুল হচ্ছে না?
দীর্ঘ অপেক্ষা মানুষকে ক্লান্ত করে, কখনো কখনো হতাশও করে তোলে। কিন্তু বিশ্বাস আমাদের শেখায়, দোয়ার পর তাড়াহুড়া করা যাবে না এবং পরম করুণাময়ের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ দোয়ার জবাব সব সময় আমাদের কল্পনার ছাঁচে বা প্রত্যাশিত রূপে আসে না।
দোয়া কবুলের তিনটি অদেখা রূপ
আমরা সাধারণত দোয়া কবুল হওয়া বলতে বুঝি— যা চাইলাম, ঠিক তা-ই চোখের সামনে পেয়ে গেলাম। কিন্তু বাস্তবে দোয়ার প্রতিদান এমনভাবেও আসতে পারে, যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। কোন অদৃশ্য বিপদ থেকে রব আমাদের আগলে রাখছেন, কিংবা পরকালের জন্য কী অমূল্য সঞ্চয় জমা করছেন— তা আমাদের অজানা। তাই কাঙ্ক্ষিত ফল না দেখলেই দোয়া বিফলে গেছে ভাবার কোনো কারণ নেই।
হাদিসে দোয়া কবুলের তিনটি দিকের কথা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সাহাবি হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, কোনো মুসলিম এমন দোয়া করলে, যাতে গুনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, আল্লাহ তাকে তিনটির একটি দান করেন—
তাড়াহুড়ার ফাঁদে পা দেবেন না
অপেক্ষার প্রহর দীর্ঘ হলেই মনে হয়, এত দিন তো চাইলাম, কিছুই তো হলো না! এই অধৈর্যই অনেক সময় মানুষকে চাওয়া থেকে দূরে সরিয়ে দেয়। অথচ দোয়ার ফল কখন এবং কীভাবে আসবে, তার পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তাই দেরি হচ্ছে মনে করে দোয়ার হাত গুটিয়ে নেওয়া উচিত নয়। রাসুলুল্লাহ (স.) বলেছেন—
يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي
‘তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে, যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না।’ (বুখারি ৬৩৪০, মুসলিম ২৭৩৫)
হালাল উপার্জন ও আত্মশুদ্ধির ছোঁয়া
একজন মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত, ধুলিমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে আকুতি জানাচ্ছেন— ‘হে আমার রব! হে আমার রব!’ কিন্তু তার খাবার, পানীয় ও পোশাক যদি হারাম পথে অর্জিত হয়, তবে সেই প্রার্থনার পথ কীভাবে প্রশস্ত হবে?
রাসুলুল্লাহ (স.) এক দীর্ঘ সফরকারীর কথা উল্লেখ করেছেন, যিনি ধূলি-ধূসরিত ও রুক্ষ অবস্থায় দুই হাত তুলে বলেন— يَا رَبِّ يَا رَبِّ (হে আমার রব! হে আমার রব!), অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং তিনি হারাম দ্বারাই প্রতিপালিত। রাসুলুল্লাহ (স.) বলেন— فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ— তার দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম ১০১৫)
তাহলে দোয়া কবুলের জন্য হালাল রিজিক ও পবিত্রতার বিষয়ে যত্নবান হওয়া খুব জরুরি। আর জীবনে কোনো ভুল বা গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে আন্তরিকভাবে তাওবা করতে হবে এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।
দোয়ার আদব ও বিনয়ের সৌন্দর্য
দোয়া হলো রবের সঙ্গে একান্ত নিভৃত আলাপ। এর শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুলুল্লাহ (স.)-এর ওপর দরুদ পাঠ করা দোয়াকে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করে তোলে। প্রার্থনায় থাকতে হবে গভীর বিনয়, আন্তরিকতা ও গোপনীয়তা। আল্লাহ তাআলা বলেন—
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
‘তোমরা তোমাদের রবকে ডাক অনুনয়-বিনয় করে ও চুপিসারে। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ: আয়াত ৫৫)
পাশাপাশি খেয়াল রাখতে হবে, দোয়ায় যেন কোনো গুনাহের কাজ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো অন্যায় কিছু চাওয়া না হয়। নিজের ভুলের জন্য ইস্তেগফার করতে হবে এবং কারও হক বা অধিকার নষ্ট করা থেকে দূরে থাকতে হবে।
দোয়া নিজেই একটি অনন্য ইবাদত
অনেক সময় আমরা দোয়াকে শুধু চাওয়া-পাওয়ার মাধ্যম হিসেবে দেখি, অথচ দোয়া নিজেই একটি বড় ইবাদত। হাত তুলে চাওয়ার মধ্য দিয়ে একজন বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং তার রহমতের ওপর পূর্ণ ভরসা রাখে। কাঙ্ক্ষিত ফল আসতে সময় লাগলেও দোয়ার এই ইবাদত-মূল্য কখনো কমে না। রাসুলুল্লাহ (স.) বলেছেন—
الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ
‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ ১৪৭৯)
রব যে আমাদের কতটা কাছে, তা কুরআনের বাণীতে বারবার ওঠে এসেছে। কুরআনের ভাষায়—
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
‘আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন (বলে দিন) আমি তো কাছেই আছি। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই।’ (সুরা বাকারা: আয়াত ১৮৬)
অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন—
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: আয়াত ৬০)
দোয়া করার অর্থ এই নয় যে, হাত-পা গুটিয়ে বসে থাকা। অসুস্থ হলে দোয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা নিতে হবে; জীবিকার টানাপোড়েন দেখা দিলে হালাল উপায়ে পরিশ্রমের চেষ্টা করতে হবে; যেকোনো প্রয়োজনে নিজের সাধ্যমতো উদ্যোগ নিতে হবে। নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করে চূড়ান্ত ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই মুমিনের পথ।
মাটির নিচে লুকিয়ে থাকা বীজ যেমন নীরবে নিজের সময় গুছিয়ে নেয়, তেমনি আপনার প্রতিটি নিঃশব্দ দোয়াও পরম করুণাময়ের দরবারে সংরক্ষিত থাকে। কাঙ্ক্ষিত ফল চোখে ধরা দিতে দেরি হলেও হতাশ হবেন না। নিজের ভুলগুলো শুধরে নিন, হালাল পথে অবিচল থাকুন, সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর কাছে চাওয়া অব্যাহত রাখুন। কারণ দোয়া হলো সেই সেতুবন্ধন, যা বান্দাকে সবসময় তার রবের কাছে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন