প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগদান করেছেন। ক্লাবটির সহ-মালিক ও সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ইন্টার মায়ামিতে নাম লেখান। তিনি ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। এছাড়া, পারফরম্যান্স ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা দীর্ঘকাল বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার তিনি প্রথমবারের মতো লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলবেন।
ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো ‘ডেজিগনেটেড প্লেয়ার’ (ডিপি) হিসেবে নিবন্ধিত হচ্ছেন না। বর্তমানে ক্লাবটির তিনটি ডিপি স্লট দখলে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল এবং জার্মান বার্টারেমে।
তবে ক্যাসেমিরোর দলবদল ঘিরে বিতর্কও সৃষ্টি হয়েছে। এমএলএস কর্তৃপক্ষ বর্তমানে ইন্টার মায়ামির বিরুদ্ধে ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত করছে। অভিযোগ রয়েছে, এলএ গ্যালাক্সির কাছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও ইন্টার মায়ামি সরাসরি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও দুই ক্লাব ইতোমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে, তবুও লিগ কর্তৃপক্ষ নিয়মভঙ্গের অভিযোগ খতিয়ে দেখছে।
ইন্টার মায়ামিতে যোগদান করে ক্যাসেমিরো বলেন, "পরিবারসহ মায়ামি শহরের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। তবে সবচেয়ে বড় কারণ ছিল লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ। ইউরোপ ও সৌদি আরব থেকে আকর্ষণীয় প্রস্তাব ছিল, কিন্তু মেসির সঙ্গে একই দলে খেলার ইচ্ছাতেই আমি ইন্টার মায়ামিকে বেছে নিয়েছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন