প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির সরকার আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়োগ কর্মসূচির আওতায় বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ইউরোপের দেশটিতে বৈধভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
ইতালির সরকারের ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির অধীনে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা এবং অবৈধ অভিবাসন কমিয়ে বৈধ পথে বিদেশি শ্রমিক আনার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিন বছরের মধ্যে এসব খাতে মৌসুমি কাজে ২ লাখ ৬৭ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতে অমৌসুমি চাকরির সুযোগও থাকবে। অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের জন্য নির্ধারিত রয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৫০টি কোটা।
ইতালির নির্ধারিত দেশগুলোর তালিকায় বাংলাদেশ থাকার কারণে বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি কাজের জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে পাঁচ লাখ বা নির্দিষ্ট কোনো বড় কোটা বরাদ্দ করা হয়নি। বিভিন্ন দেশের জন্য নির্ধারিত কোটার মধ্যেই বাংলাদেশিদের আবেদন বিবেচনা করা হবে।
গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।
ইতালিতে কাজের ভিসা পেতে প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন। অনুমোদন পাওয়ার পর বাংলাদেশি কর্মীকে ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না। ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দূতাবাস।
২০২৭ সালের নিয়োগের জন্য ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনসংক্রান্ত তথ্য আগাম পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন শুরু হবে।
ইতালিতে কাজের সুযোগ বাড়াতে দক্ষতা ও ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি, নির্মাণ, পর্যটন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা এবং ইতালীয় ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকলে কর্মীদের সুযোগ বাড়তে পারে। এ ছাড়া অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা দক্ষ কর্মীদের নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও যাওয়ার সুযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন