প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশা থেকে ফেলে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে (৫৬) হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হাসান রিয়াল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা জানা এবং ঘটনার মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আসামি পনির পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে।
মামলার এজাহার থেকে জানা যায়, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে অটোরিকশায় করে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন।
জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেন।
ছিনতাইকারীদের টানে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রনজিলা পারভীনের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর রবিবার (৩০ আগস্ট) র্যাব-২ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পনি গাজী ও সেন্টু জুলিয়ানকে তেজগাঁও থানার পূর্ব তেজতুরী পাড়ায় কাজী আকলাসের বাসার সামনের সড়ক থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজাবাজার এলাকা থেকে রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন