প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন গন্তব্যগুলোকে তুলে ধরার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ইউএন ট্যুরিজমের সহযোগিতা চেয়েছেন। একইসঙ্গে, সংস্থাটি বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক আয়োজন করার প্রস্তাবও দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে, মন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
মন্ত্রী বাংলাদেশের পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী।
বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় সংস্থাটির অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এছাড়া, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মহাসচিব।
বৈঠকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মন্ত্রী। জবাবে, বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন