প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাঘা অঞ্চলে খেজুরগুড়ের কেনাবেচা এখন জমে উঠেছে। শীতের আগমনের সাথে সাথে উপজেলার বিভিন্ন হাটবাজারে খেজুরগুড়ের হাট শুরু হয়েছে।
উপজেলা সূত্রে জানা গেছে, এখানে দুটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নে মোট ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন। উপজেলায় ১ লাখ ৬২ হাজার খেজুরগাছ রয়েছে। এই গাছগুলো সড়কপথ, পতিত জমি এবং বাড়ির আঙিনায় কোনো পরিচর্যা ছাড়াই বৃদ্ধি পায়।
মৌসুমে একজন গাছি প্রতিদিন ৫০-৬০টি খেজুরগাছের রস সংগ্রহ করেন। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে ৩ হাজার গাছি রস সংগ্রহের কাজে নিয়োজিত আছেন। প্রতি মৌসুমে গাছিরা খেজুরগাছের ওপর নির্ভরশীল হয়ে তাদের জীবিকা নির্বাহ করেন।
একজন কৃষক তার গাছের সংখ্যা অনুযায়ী গাছি নিয়োগ করেন। তারা মৌসুমজুড়ে রস সংগ্রহ এবং গুড় উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন। উপজেলায় আমের মতো সুমিষ্ট খেজুরগুড়েরও খ্যাতি রয়েছে। গুড়ের প্রধান হাটগুলো হলো বাঘা ও আড়ানী। এছাড়া মনিগ্রাম ও দিঘাসহ অন্যান্য হাটও রয়েছে। বাঘার হাট সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে, যেখানে সবচেয়ে বেশি গুড়ের বেচাকেনা হয়।
বাঘা ও আড়ানী পৌরসভা ছাড়াও বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, আড়ানী, বাউসা এবং চকরাজাপুর ইউনিয়নের অন্যান্য হাটেও গুড়ের বেচাকেনা যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। তবে অধিক দাম পাওয়ার আশায় অনেকেই বাঘার হাটে গুড় বিক্রি করতে আসেন। বাঘার হাটে রোববার প্রতি কেজি খেজুরগুড় ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে গুড়ের দাম প্রতি কেজি ১৮০-২০০ টাকায় বিক্রি হয়েছিল। মৌসুমের শুরুতে দাম বেশি হলেও ভরা মৌসুমে কিছুটা দাম কমে যায়।
আড়ানী হাটের গুড় ব্যবসায়ী সেলিম হোসেন জানান, তার আড়তে থেকে কিছু ব্যবসায়ী পাবনা এলাকা থেকে গুড় কিনে নিয়ে যান। তারা প্রতি শনিবার ও মঙ্গলবার হাটে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান বলেন, আবহাওয়া অনুকূল থাকায় সরকারি হিসেবে চলতি মৌসুমে মানুষ খেজুরগুড় থেকে হাজার হাজার টাকা আয় করছেন। উপজেলায় ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন এবং গাছের সংখ্যা ১ লাখ ৬২ হাজার। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৪ হাজার ৫০টি গাছ বেশি রয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুরগুড় উৎপাদনে সহায়তা দেওয়া হলে এই গুড়কে আরও লাভজনক করা সম্ভব হবে। বিদেশে রপ্তানি হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব লাভ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন