প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৮ নভেম্বর শনিবার ঢাকার আগা খান একাডেমিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয়েছে খ্যাতিমান স্থপতি রফিক আজমের ‘রফিক আজম: ওল্ড ঢাকা – নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। স্থপতি ও সৃজনশীল পেশার মানুষসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২০ জনের বেশি অতিথি ২৭ ও ২৮ নভেম্বর আয়োজিত দুই দিনের ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘সেলিব্রেশন ফর অল থ্রু আর্কিটেকচার’ প্রতিপাদ্যে এ অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়।
দেশে মোড়ক উন্মোচনের পূর্বে অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও স্পেন, এই আটটি দেশে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান রিজোলি নিউইয়র্ক থেকে প্রকাশিত এবং রোজা মারিয়া ফালভোর সম্পাদনায় বইটিতে স্থাপত্যের সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি, জলবায়ু ও প্রতিবেশের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
বই সম্পর্কে রফিক আজম মন্তব্য করেন, “আমি পুরান ঢাকায় বড় হয়েছি। আমাদের পরিবারের উঠান আমাকে শিখিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরেও একটি বাড়িতে সবুজের জন্য জায়গা এবং ব্যক্তিগত পরিসর রাখা সম্ভব। সেই শিক্ষাই আমি আমার কাজে ধারণ করেছি। বইটির আন্তর্জাতিক যাত্রা শেষে ঢাকায় এর মোড়ক উন্মোচন আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই আমার গল্পের শুরু হয়েছে।”
অনুষ্ঠানে বইটির গ্লোবাল কো-অর্ডিনেটর স্থপতি-পরিকল্পনাবিদ ফরহাদুর রেজা প্রবাল স্বাগত বক্তব্য দেন। পাশাপাশি বইটির ঢাকার প্রকাশনা অনুষ্ঠানের সমন্বয়ক জালাল আহমেদ, গ্লোবাল অ্যাডভাইজার দুর্জয় রহমান ও শুভেচ্ছাদূত স্থপতি জান্নাত জুঁইও বক্তব্য রাখেন। জান্নাত জুঁই ফালভোর সাথে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করেন।
জান্নাত জুঁই বলেন, “বইটির শুরু পুরান ঢাকায় হলেও এর ভাবনা অন্যান্য দেশের মানুষের কাছেও গুরুত্বপূর্ণ। স্থাপত্য শুধু ভবন নির্মাণ নয়; এটি মানুষ, প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রদায়কে সংযুক্ত করার একটি শক্তিশালী মাধ্যম। আর এ কারণেই আমরা যে জায়গায় বড় হই, সেটি আমাদের নকশাভাবনাকে প্রভাবিত করে। শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশের এই কাজের সাথে আরও বেশি মানুষকে পরিচয় করিয়ে দিতে পেরে আমি আনন্দিত। আশা করি, এটি তরুণ স্থপতিদেরও নিজেদের আশপাশের এলাকা গভীরভাবে দেখতে, সেখান থেকে শিখতে এবং মানুষ ও প্রকৃতিকে বিবেচনায় রেখে স্থাপত্যচর্চায় উৎসাহিত করবে।”
জান্নাত জুঁই ‘জান্নাত জুঁই আর্কিটেক্টস’ -এর প্রতিষ্ঠাতা এবং ‘শাশ্বত – আর্কিটেকচার ফর গ্রিন লিভিং’-এর অংশীদার। প্রথম দিনের আলোচনা অনুষ্ঠানে তিনি অন্যতম বক্তা হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিশিষ্ট স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। তিনি রফিক আজমকে ‘টোটাল আর্কিটেক্ট’ ও বাংলাদেশে সবুজ স্থাপত্যের পথিকৃৎ হিসেবে অভিহিত করেন।
এছাড়াও, বাংলাদেশের স্থপতিদের মধ্যে জালাল আহমেদ, মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, সায়কা ইকবাল মেঘনা ও খন্দকার হাসিবুল কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রফিক আজম বড় হয়েছেন লালবাগ দুর্গের কাছে। সেখানে পরিবারের বাড়ির উঠানে ঘণ্টার পর ঘণ্টা জলরংয়ে ছবি আঁকতেন তিনি। ১৯৮৪ সালে বাবার মৃত্যুর পর বাড়িটির পুনর্নকশা করার সময় সেই স্মৃতিগুলো তাঁকে অনুপ্রাণিত করে। এর কয়েক দশক পর মায়ের নামে নামকরণ করা ‘আঙ্গুরি বাড়ি’তে তিনি ওপরের তলাগুলোতে গাছপালায় সাজানো টেরেস ও খোলা উঠানের ব্যবস্থা করেন।
প্রকাশনা অনুষ্ঠানে আরও ছিল রফিক আজমের লেখক-উপস্থাপনা, প্যানেল আলোচনা ও তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিটুইন লাইট অ্যান্ড আর্থ’ -এর প্রদর্শনী এবং ‘আরএটিবি ২০২৬’ ও ‘ওয়াটার অ্যাজ লাইফ’ উদ্যোগের পুরস্কার বিতরণী আয়োজন।
২৭ নভেম্বর অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন জান্নাত জুঁই, ইফতেখার আবদুল্লাহ, ফাওয়াদ সুহাইল আব্বাসি, তান লোকে মুন, এজাজ আহেদ, মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, তাকাহারু তেজুকা ও ইউই তেজুকা। অধিবেশনটি সঞ্চালনা করেন উমর সাঈদ ও জর্জ টি. কুনিহিরো। ২৮ নভেম্বরের দ্বিতীয় অধিবেশনে বক্তা ছিলেন বিজয় রামচন্দ্রন, সায়কা ইকবাল মেঘনা, খন্দকার হাসিবুল কবির ও মাধুরা প্রেমাতিল্লেকে। অধিবেশনটি সঞ্চালনা করেন লি চোর ওয়া।
বিশ্বের প্রায় ৭০টি দেশে বইটি পাঠানো হয়েছে। নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট, লন্ডনের টেট মডার্ন এবং প্যারিসের সেন্টার পম্পিদুসহ বিভিন্ন ইনস্টিটিউশনেও বইটি পাওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন