প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বনি গোল্ডম্যান ৬৯ বছর বয়সে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। প্রায় পাঁচ দশক আগে মাঝপথে ছেড়ে দেওয়া পড়াশোনা শেষ করতে তিনি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছিলেন। গত ২২ মে রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক হন বনি। ২০২৬ সালের সমাবর্তনে তিনি ছিলেন সবচেয়ে বেশি বয়সী স্নাতক। বিশেষ এই দিনে তার পাশে ছিলেন ৯২ বছর বয়সী মা এবং পরিবারের অন্য সদস্যরা।
আইনজীবী হওয়ার স্বপ্নের সূচনা বনি গোল্ডম্যানের ১৯৭৯ সালে। ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক শেষ করার পর ওই বছরেই আইন স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। তবে তখন তার বয়স কম ছিল এবং পড়াশোনায় মনোযোগের অভাব ছিল, এই কারণে নিজের সিদ্ধান্তের কথা পরে স্বীকার করেছেন বনি। একসময় আইন স্কুল ছেড়ে দিতে বাধ্য হন। এই বিষয়টি তার জীবনের অন্যতম বড় অনুশোচনা হয়ে দাঁড়ায়, কিন্তু সেই অভিজ্ঞতা তাকে পরবর্তী সময়ে কাজের প্রতি আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে।
আইন পড়া ছেড়ে দেওয়ার পর থেমে থাকেননি বনি। বিজ্ঞাপন, জনসংযোগ, মানবসম্পদ ও নির্বাহী পর্যায়ের কর্মী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় চার দশক কাজ করেছেন। একপর্যায়ে তিনি নিজের নিয়োগ প্রতিষ্ঠানও গড়ে তোলেন। পেশাগত জীবনে সফলতা পেলেও আইনজীবী হওয়ার পুরোনো স্বপ্নটি তার মনে রয়ে যায়। সেই স্বপ্নের কথা তাকে বারবার মনে করিয়ে দিতেন তার মা, যিনি মেয়ের পড়াশোনা আবার শুরু করার বিষয়ে কয়েক দশক ধরেই উৎসাহ দিয়ে আসছিলেন।
৬৫ বছর পেরোনোর পর অবশেষে মায়ের কথায় নতুন করে ভাবতে শুরু করেন বনি। আইন স্কুলে ভর্তির যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা এলস্যাট দেন তিনি। এরপর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে একাধিক জায়গা থেকে ভর্তির সুযোগ ও বৃত্তির প্রস্তাব পান। শেষ পর্যন্ত নিউ জার্সির নিউয়ার্কে অবস্থিত রাটগার্স ইউনিভার্সিটির আইন অনুষদ বেছে নেন। ২০২৩ সালে ৬৬ বছর বয়সে সেখানে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন তিনি।
শুরুতে নিজের চেয়ে কয়েক দশকের ছোট শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল বনির। তবে দ্রুতই সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার। প্রথম বর্ষে প্রায় ১৭ জন শিক্ষার্থীর একটি দলের সঙ্গে নিয়মিত ক্লাস করতেন তিনি। ধীরে ধীরে সহপাঠীরা তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। বয়সের পার্থক্য তাদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও ভালো সম্পর্ক তৈরি হয় বনির।
শ্রেণিকক্ষে পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেও সক্রিয় ছিলেন তিনি। রাটগার্সের মধ্যস্থতা ক্লিনিকে কাজ করে বিরোধ নিষ্পত্তি, আলোচনা ও আইনি প্রতিনিধিত্বের দক্ষতা অর্জন করেন। দেওয়ানি বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে সপ্তাহে তিন দিন আদালতে গিয়ে পক্ষগুলোর মধ্যে সমঝোতা তৈরির কাজেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক পরিচালক ফেলিসিয়া ফারবার জানান, চার দশকের বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা বনিকে বাস্তব সমস্যা বোঝা ও সমাধানের ক্ষেত্রে বাড়তি দক্ষতা দিয়েছে।
গত ২২ মে নিউ জার্সি পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেন বনি। দর্শকসারিতে ছিলেন তার ৯২ বছর বয়সী মা, ৩৩ বছর বয়সী মেয়ে জামি এরিন গ্যানজ এবং পরিবারের অন্য সদস্যরা। সমাবর্তনে ডিন যখন বনির নাম ঘোষণা করেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি তার মেয়ে। পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জামি জানান, মায়ের এই অর্জন ছিল কয়েক দশকের অপেক্ষা ও পরিশ্রমের ফল। মায়ের জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর হতে পারে না বলেও জানান তিনি।
এখন আইন পেশায় নিজের পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন বনি। করপোরেট প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করার পাশাপাশি মধ্যস্থতা কিংবা মামলা পরিচালনার ক্ষেত্রেও আগ্রহ রয়েছে তার। তবে পেশাগতভাবে আইনচর্চা শুরুর আগে বার পরীক্ষার প্রস্তুতি নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এত বছর পর আবার পড়াশোনায় ফিরে সফল হওয়া প্রসঙ্গে বনির বক্তব্য, জীবনে কোনো কিছু করার ইচ্ছা থাকলে বয়সকে বাধা হিসেবে দেখা উচিত নয়। কারণ কয়েক বছর পর চেষ্টা না করার আফসোসের চেয়ে চেষ্টা করে স্বপ্ন পূরণ করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন