প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহে ডাকাতির শিকার হয়ে এক প্রসূতি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান কর্তৃক দায়ের করা হয়।
আবদুল্লা আল নোমান জানান, তিনি তার সন্তানসম্ভবা স্ত্রী এবং পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। যখন অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ এলাকায় পৌঁছায়, তখন আনুমানিক ৭-৮ জন মুখোশধারী ডাকাত সড়কের পাশে গাছ কেটে ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ ১ লাখ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার পর তিনি থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তিনি দাবি করেন যে, তাকে শনাক্ত করতে পেরেছেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটক করা সম্ভব হবে।
সম্প্রতি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদের কবলে পড়ে ওই প্রসূতি অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন। পরে নবজাতকের মৃত্যু ঘটে। এ সময় ডাকাত দল তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন