প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন কেন্দ্র করে দায়ের হওয়া মামলায়, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম জামিন পেয়েছেন।
রোববার (২১ জুন) বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজিম আল মেজবা জানান, দুপুরে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রেজাওয়ানুর ইসলামের জামিন মঞ্জুর করেন। সেই সময় তিনি কারাগারে ছিলেন।
এর আগে, ১৮ জুন রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার নথি অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের ফলে গত ১৫ জুন মামলাটি দায়ের করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন। মামলায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদকসহ আরও কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়।
এজাহারে অভিযোগ রয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
তবে ঘটনার পর, গত শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তাঁকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন, তার নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, কারণ এসব উদ্যোগে তার কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।
বিবৃতিতে তিনি অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের গ্রেপ্তারকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান এবং গ্রেপ্তার সাংবাদিকদের দ্রুত মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি বলেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে যেন কোনো ধরনের বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন