প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সফল তিনটি মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে “জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ অনেক মানুষের জীবিকার প্রধান উৎস। সোনারগাঁয়ের মৎস্য চাষিরা আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন।
এমপি মান্নান আরও বলেন, নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করে আমরা একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
মৎস্য চাষিদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন