প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় বাড়ির মালিক পরিবারের অনুপস্থিতির সুযোগে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কলাপসিবল গেট ও একাধিক কক্ষের তালা কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান হাতঘড়িসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার দিবাগত গভীর রাতে শহরের পানিছত্র এলাকার ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন একটি বাসভবনে এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক মানিকগঞ্জের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি।
পরিবারের সদস্যরা জানান, আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ফলে পুরো বাড়িটি তালাবদ্ধ ছিল। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র কলাপসিবল গেট ও ঘরের একাধিক দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।
এরপর শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পাশাপাশি নির্মাণাধীন ভবনে সংরক্ষিত বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। সব মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা বাড়ির কলাপসিবল গেট ও কক্ষগুলোর তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ, আলমারির লকার ভাঙা এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন।
খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
এ ঘটনায় মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন