প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিজের অপহরণের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৫ ঘণ্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার সময় শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী এলাকার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল ১১ মাসের শিশু নাফিজ। তার মা রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবন্ধী ভাতিজি শিরিন খাতুন শিশুটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে, হাজারবিঘী চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে, বোরখা পরা এক নারী শিরিনের কাছ থেকে শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর শিশুটির বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত শুরু করে।
পুলিশ সুপারের নির্দেশে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্তের নেতৃত্বে ২২ সেপ্টেম্বর অভিযান চালিয়ে সুজিআরা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে মানিকুজ্জামান (৩২) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে ওই বাসা থেকেই অপহৃত শিশু নাফিজকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা একটি নিঃসন্তান দম্পতিকে লালন-পালনের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন