প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক সংঘাত বা যুদ্ধ শুরু হলে আরও উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে ইরান। দেশটির নৌবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, দেশের ভেতরে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবস্থা বাহিনীতে যুক্ত করা হয়েছে।
জোর দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তাহলে তারা ইরানের নতুন এসব ব্যবস্থার সক্ষমতার সম্মুখীন হবে। সাম্প্রতিক ঘটনাবলীর মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী শিক্ষা গ্রহণ করেছে এবং আকাশ প্রতিরক্ষার উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা প্রমাণিত হবে বলে সাইয়ারি জানান। তবে নতুন এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারিগরি খুঁটিনাটি বা সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, মার্কিন সামরিক বাহিনীর চুরি করা দুটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার উদ্ধারের দাবি করেছে ইরানের নৌবাহিনী। কমান্ডার শাহরাম ইরানি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “মার্কিন সামরিক বাহিনী দুটি ইরানি তেলবাহী জাহাজ চুরি করেছিল। তবে জাহাজগুলোর ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে আমাদের সশস্ত্র বাহিনী সেখানে অভিযান চালায় এবং সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়।” তিনি আরও অভিযোগ করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের সুযোগ করে দেওয়ার বিনিময়ে জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে ঠিক কবে এই ট্যাঙ্কার দুটি চুরি হয়েছিল কিংবা কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের এমন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হেনগাম দ্বীপ থেকে পিছু হটলো এফ-১৬ যুদ্ধবিমান: পারস্য উপসাগরের হেনগাম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ে সেটিকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হেনগাম দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জলসীমায় আইন লঙ্ঘনকারী কয়েকটি নৌযানকে আকাশপথে নিরাপত্তা (এয়ার কাভার) দেওয়ার সময় মার্কিন যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার খুব কাছাকাছি চলে আসে। এ সময় ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হলে বিমানটি তীব্র গতিতে মোড় নিয়ে ওই এলাকা ত্যাগ করে।
রাশিয়া ও চীনের সহায়তাকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প: ইরানের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়া ও চীনের গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহায়তার গুরুত্ব খাটো করে দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে বেইজিং ও মস্কোর জড়িত থাকার বিষয়টি খুবই সীমিত এবং উভয় দেশই এই সংঘাতের অবসান চায়। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। ইরানকে রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তার খবরের বিষয়ে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শির সঙ্গে আমার বৈঠকটি ছিল অসাধারণ। আমার মনে হয় ইরানের বিষয়ে তারা খুবই সামান্য জড়িত। তারা চাইলে জড়াতে পারত, কিন্তু আমার কাছে জড়ানো মানে হলো গুলি চালানো, সামান্য তথ্য দেওয়া নয়।” ট্রাম্প যুক্তরাষ্ট্রের একই ধরনের কাজের কথা উল্লেখ করে বলেন, “আমরাও তো একই কাজ করি। আর যখন বলা হয় তারা আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করছে, তখন আমরাও তো তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।”
কুয়েতে দুই ইতালীয় নিহতের ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার তেহরানের: কুয়েতে সাম্প্রতিক ড্রোন হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ (নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ওপর দোষ চাপানোর কৌশল) অভিযান হিসেবে অভিহিত করেছে ইরান। তেহরানের দাবি, চলমান যুদ্ধের পরিধি বাড়ানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। রোমে অবস্থিত ইরানি দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবারের ওই ড্রোন হামলায় ইরানের যেকোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। উল্লেখ্য, কুয়েতের ওই হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনকে দায়ী করেছে ইরানি দূতাবাস। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলা হয়েছে, সংঘাতের পরিধি বাড়ানো এবং অন্যান্য অঞ্চলের বিরোধকে উপসাগরীয় অঞ্চল ও ইউরোপের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ হামলা হতে পারে।
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম: টানা তিন সপ্তাহ দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ৫০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবারও তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল, যা গত ৬ নভেম্বরের পর সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বুধবারের তুলনায় ব্যারেলপ্রতি ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৭৮ ডলারে লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি না কমলে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সূত্র: রয়টার্স। সূত্র : আল জাজিরা, তাসনিম, প্রেস টিভি, রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন