প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর গুলশান লেকপার্ক প্রেম, বিরহ, সাম্য ও দ্রোহের সুরে মুখর হয়ে উঠেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে উদ্যাপন করার উদ্দেশ্যে শুরু হয়েছে ‘নজরুল উৎসব’, যা দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। শুক্রবার সন্ধ্যায় গুলশান সোসাইটি লেকপার্কে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের আয়োজনে দেশের খ্যাতিমান ও তরুণ শিল্পীরা নজরুলের ২৫টি গান পরিবেশন করেন।
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার উদ্যোগে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। আগামীকাল শনিবার বিকেল ৫টায় দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে, যেখানে আরও ২৫টি গান পরিবেশন করা হবে।
আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। দুই দিনের এই আয়োজনে দেশের স্বনামধন্য নজরুলসংগীতশিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও অংশ নিচ্ছেন।
উৎসবের উদ্বোধনী বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক। অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি চিরজাগ্রত প্রতিবাদী কণ্ঠস্বর। তার রচনা আমাদের মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে শিখিয়েছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসেবে গুলশান সোসাইটি ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
‘এ কি অপরূপ রূপে’ সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এরপর একে একে শিল্পীরা গেয়ে শোনান ‘জগতের নাথ করো পার’, ‘বধূ তোমার আমার’, ‘গঙ্গা সিন্ধু নর্মদা’, ‘আমায় নহে গো’, ‘তুমি যখন এসেছিলে’, ‘ঢলো ঢলো নয়নে’, ‘আজি রক্ত নিশি ভোরে’, ‘গহীন রাতে’, ‘বসিয়া নদীকূলে’, ‘পায়েলা বোলে’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘নিশি পবন’, ‘বল রে জবা’, ‘স্বপনে এসো নিরজনে’, ‘যাও মেঘদূত’, ‘বিদ্রোহী’, ‘দাও শৌর্য’, ‘সাম্যবাদী’, ‘কেন আনফুল ডোর’, ‘দাঁড়ালে দুয়ারে’ এবং ‘সখি আমিই না হয়’সহ মোট ২৫টি গান।
প্রথম দিনের উৎসবে সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবণ্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার এবং ইয়াকুব আলী খানসহ অনেকে।
নজরুলের গান, সাম্য ও মানবতার বার্তা এবং শিল্পীদের পরিবেশনায় প্রথম দিনেই উৎসবমুখর হয়ে ওঠে গুলশান লেকপার্ক। শনিবারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই উৎসব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন