প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের হিলি বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি শুরু হয়েছে। মৌসুমের প্রথমদিকে বাজারে নতুন আলুর মূল্য প্রতি কেজি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। দামের এই বিশাল পার্থক্য সত্ত্বেও কিছু ক্রেতা নতুন আলুর স্বাদ নিতে আগ্রহী হয়ে কিনছেন। তবে, অধিকাংশ ক্রেতা দাম বেশি হওয়ার কারণে নতুন আলু না কিনেই ফিরে যাচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের হিলি বাজারে দেখা যায়, কয়েকটি সবজির দোকানে ছোট ছোট ডালায় সাজিয়ে বিক্রি করা হচ্ছে আগাম জাতের নতুন আলু। ব্যবসায়ীরা প্রতি কেজি আলুর জন্য ৮০ টাকা দাবি করছেন। দাম শুনে অনেকেই নতুন আলু না কিনেই চলে যাচ্ছেন, আবার কেউ কেউ সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে কিনছেন।
বাজারে সবজি কিনতে আসা আমিরুল হক বলেন, "নতুন আলু বাজারে উঠেছে, তবে দাম অনেক বেশি। প্রতি কেজি ৮০ টাকা। এত দামে আলু কেনার প্রয়োজন নেই। যেখানে পুরাতন আলু মাত্র ১৫ টাকা কেজি, তাই পুরাতন আলুই কিনেছি।"
আরেক ক্রেতা হায়দার আলী নতুন আলু কিনেছেন। তিনি মন্তব্য করেন, "শখের দাম লাখ টাকা। নতুন আলুর স্বাদই আলাদা। ৮০ টাকা কেজি হলেও আধা কেজি কিনেছি। পুরাতন আলু তো প্রতিদিনই খাওয়া হয়।"
হিলি বাজারের সবজি ব্যবসায়ী বাবলু জানান, "শুক্রবার থেকে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। এসব আলু দিনাজপুরের বিরামপুর, কাটলা ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসছে। মৌসুমের শুরুতে আগাম জাতের আলুর দাম বেশি থাকে। বর্তমানে প্রতি কেজি ৮০ টাকা দরে খুচরা বিক্রি করছি। পুরাতন আলুর দাম কম থাকায় নতুন আলুর প্রতি ক্রেতাদের তেমন আগ্রহ নেই। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে আশা করছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন