প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে মায়েশা আক্তার (সাড়ে ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর। তারা দুজন চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের দাবির ভিত্তিতে জানা যায়, পানিতে পড়ে যাওয়া মুজাহিদকে বাঁচাতে গিয়ে মায়েশা ডুবে যায়।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায়।
নিহত মায়েশা হচ্ছেন প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ হচ্ছেন টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতা বশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। এরপর তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মায়েশাও পানিতে ডুবে যায়। শেষ পর্যন্ত স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একজনকে বাঁচাতে গিয়ে অন্যজনের মৃত্যু হয়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেছেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন