প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি অভিজাত এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এলোপাতাড়ি গুলির ঘটনায় একটি আবাসিক ভবনের ব্যবস্থাপক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। হামলাকারী নিজেকে পরে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি’র বরাত দিয়ে জানানো হয়েছে, ঘটনার পর রাজধানী ওয়াশিংটনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ঘটনাস্থলে বিপুলসংখ্যক গাড়ি পাঠায় এবং আকাশে হেলিকপ্টার টহল দিতে থাকে। নিরাপত্তার কারণে শহরের একটি এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়।
লোগান সার্কেল এলাকায় অবস্থিত ওই আবাসিক ভবনের সঙ্গে যুক্ত একটি জিমে সকাল ৮টার কিছু আগে গুলির ঘটনা ঘটে।
পুলিশের জরুরি যোগাযোগব্যবস্থায় ছড়িয়ে পড়া অডিওতে প্রথমে জিমের ভেতরে গুলির খবর জানানো হয়। এর কিছু মিনিটের মধ্যে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমাদের এলাকায় একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে।’
এ সময় তিনি সোয়াট (বিশেষ কৌশলগত পুলিশ দল) সদস্যদের পাঠানোর জন্য অনুরোধ করেন।
ওয়াশিংটনের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান জেফরি ক্যারল সাংবাদিকদের জানান, হামলাকারীর নাম ম্যাট ল্যামবার্ট (৫৫)। তিনি জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত একজন চিকিৎসক ছিলেন। যে কনডোমিনিয়াম ভবনে তার নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট ছিল, সেটির রক্ষণাবেক্ষণ নিয়ে ভবনটির মালিক সমিতির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ল্যামবার্ট প্রথমে ভবনটির সঙ্গে যুক্ত একটি ব্যস্ত জিমে গুলি চালান। এতে ভবন ব্যবস্থাপক জেমস স্টুয়ার্ট (৪৬) নিহত হন। এরপর তিনি ভবনের সপ্তম তলায় নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে অবস্থান নেন।
একপর্যায়ে অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে নিচে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। এতে আরও চারজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য তিনজনের আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে পাশের একটি নির্মাণস্থলের কয়েকজন শ্রমিকও রয়েছেন। সংবাদমাধ্যমটি একটি নির্মাণপ্রতিষ্ঠানের নির্বাহীর বরাত দিয়ে এ তথ্য জানায়।
পুলিশপ্রধান ক্যারল বলেন, ল্যামবার্ট নিজের অ্যাপার্টমেন্টের দরজার ভেতর থেকে পুলিশের দিকে অন্তত দুবার গুলি ছোড়েন। পরে তিনি অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশপ্রধান আরও জানান, ভবনটির মালিক সমিতির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিলেন ল্যামবার্ট।
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার এ ঘটনাকে ‘অর্থহীন বন্দুক সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
সকালের ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ আশপাশের সড়ক বন্ধ করে দেয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
মাইকেল কার্নি নামের এক ব্যক্তি বলেন, প্রথমে তিনি বিকট একটি শব্দ শুনতে পান। এরপর জিমের মেঝেতে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুলি লেগেছিল।
কার্নি বলেন, ‘সেখানে সবাই টব ও অন্যান্য জিনিসের আড়ালে লুকানোর চেষ্টা করছিলেন।’
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় গির্জাগুলোর উদ্যোগে লোগান সার্কেলের বাসিন্দারা ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় সমবেত হন। তারা নিহত ব্যক্তিদের স্মরণে প্রার্থনা ও শোকসভা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন