প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।
২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। এ সময় সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের সাধারণ ও গুরুতরভাবে জখম করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ করা হয় এবং সরকারি মালামালের ক্ষতি সাধন করা হয়। এসব ঘটনার প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে অন্য একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এর আগে ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
মামলাটিতে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জন।
এ মামলায় থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাসহ ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলাগুলোর মধ্যে মোট আসামির সংখ্যা ১৩ হাজার ৩৪ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন