প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বয়স মাত্র ১৫, কিন্তু মাঠে নামার আগে থেকেই বৈভব সূর্যবংশী প্রতিপক্ষ শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের শুরুতে আফগানিস্তান এই তরুণ ওপেনারকে আটকে রাখার জন্য পরিকল্পনা করছে।
আজ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান খোলামেলা ভাবে স্বীকার করেছেন যে, ১৫ বছরের বৈভবকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। আফগানিস্তান ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং আইপিএলে তার বিপক্ষে খেলা সতীর্থদের অভিজ্ঞতার ভিত্তিতে বৈভবকে থামানোর কৌশল তৈরি করছে।
বৈভবকে ‘অসাধারণ প্রতিভা’ হিসেবে উল্লেখ করে জাদরান বলেন, ‘সে অবিশ্বাস্য প্রতিভাবান। আইপিএল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সে পারফর্ম করে দেখাচ্ছে। তাকে থামানোর উপায় নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। আমাদের স্কোয়াডে এমন ক্রিকেটারও আছে যারা আইপিএলে তার মুখোমুখি হয়েছে, তাদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি।
তবে কেবল সতীর্থদের মুখের কথায় নির্ভর করতে চাননি আফগান ম্যানেজমেন্ট। তারা ভিডিও প্রযুক্তির সাহায্যে বৈভবের ব্যাটিংয়ের শক্তিশালী ও দুর্বল দিকগুলো বিশ্লেষণ করেছেন। তবে আফগান অধিনায়ক জাদরান রণকৌশল জটিল করতে চান না, তিনি বলেন, ‘আমরা তার ভিডিও ক্লিপস দেখেছি। তবে আমাদের মূল লক্ষ্য পরিকল্পনাকে যতটা সম্ভব সাধারণ রাখা এবং মাঠে সেটার সঠিক বাস্তবায়ন ঘটানো।’
আইপিএলে নজর কাড়া বৈভব যে কেবল সংক্ষিপ্ত সংস্করণের খেলোয়াড় নন, তা প্রমাণ করেছেন লাল বলের ক্রিকেটেও। সদ্য সমাপ্ত দুলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে ৫ ইনিংসে ১৯২ রান করেছেন। বিশেষ করে কেন্দ্রীয় অঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে ৯২ রানের কার্যকরী ইনিংসটি দলকে জয়ী করার পথে সহায়তা করেছে। এবার আবার নিজের পরিচিত ও প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন এই তরুণ ওপেনার। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আফগান শিবিরের এই বাড়তি সতর্কতা।
অন্যদিকে, রশিদ খানের কাছ থেকে টি-টোয়েন্টির নেতৃত্ব গ্রহণ করা ইব্রাহিম জাদরানের জন্যও এই সিরিজটি একটি বড় পরীক্ষা। নতুন দায়িত্ব নিয়ে জাদরান বলেন, ‘অধিনায়কত্ব অনেক বড় একটা দায়িত্ব, তবে আমি এটা উপভোগ করছি। ম্যাচের কঠিন মুহূর্তে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল খেলা।’ পরিচিত কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ কাটানো সম্ভব বলেও বিশ্বাস এই আফগান অধিনায়কের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন