প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের বিপরীতে পাকিস্তানে দারিদ্র্য, ক্ষুধা এবং মানব উন্নয়ন সংকট ক্রমশ গভীর হতে চলেছে। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাংক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
বিশ্বব্যাংকের ‘পাকিস্তান পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে পাকিস্তানের দারিদ্র্যের হার ছিল ২২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ২৯ শতাংশে পৌঁছেছে। জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় সাত কোটি।
একই সময়ে, অর্থনৈতিক বৈষম্য পরিমাপের সূচক জিনি ইনডেক্স ২৮ দশমিক ৪ থেকে বেড়ে ৩২ দশমিক ৭ হয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান (মিনাপ) অঞ্চলের চরম দরিদ্র জনগণের প্রায় অর্ধেকই পাকিস্তানে বসবাস করে।
ইউএনডিপির ২০২৫ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) অনুযায়ী, পাকিস্তানের পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৩৮ দশমিক ৩ শতাংশ মানুষ বা প্রায় সাড়ে ৯ কোটি নাগরিক বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। অর্থাৎ, তারা শুধু অর্থের অভাবেই নয়, বরং স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত। প্রায় তিন কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। তুলনা করলে দেখা যায়, পার্শ্ববর্তী ভারতে বহুমাত্রিক দারিদ্র্যের হার ১৬ দশমিক ৪ এবং বাংলাদেশে ১৪ দশমিক ৯ শতাংশ।
দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ক্ষুধার পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতি সবচেয়ে খারাপ। খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে, ফলে শিশুদের অপুষ্টিও বাড়ছে।
মানব উন্নয়ন ক্ষেত্রেও পাকিস্তান পিছিয়ে রয়েছে। ইউএনডিপির ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ১৯৩টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৬৮তম। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান ছাড়া অন্য সব দেশ এ সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।
এদিকে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজনের একজন মানসিক বা আচরণগত সমস্যায় আক্রান্ত। প্রতি পাঁচজনের মধ্যে একজনের মধ্যে আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধির লক্ষণ রয়েছে। ছয় শতাংশ মানুষের আত্মহত্যার চিন্তা এবং ১০ শতাংশের বেশি মানুষের বিষণ্নতায় ভোগার তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, কয়েক দশকের ভুল নীতি এবং সুশাসনের অভাব এ সংকটের অন্যতম কারণ। কৃষি খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, পানিসম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিবহন ব্যয় খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
এছাড়া, নিরাপত্তা সংকট এবং ভূরাজনৈতিক উত্তেজনায় মানব উন্নয়নের পরিবর্তে প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দারিদ্র্য এবং ক্ষুধা লাখো পরিবারের অস্তিত্বের সংকটে পরিণত হলেও জাতীয় আলোচনায় বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। সংকটের প্রকৃত কারণ এবং আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর তথ্য উপেক্ষা করে জনঅসন্তোষ কমানো সম্ভব নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন