প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৯ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ও পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের যেকোনো ধরনের গোপন অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
নেতাকর্মীরা ঘোষণা করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে রাজপথে তাদের প্রতিহত করা হবে।
বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, জনগণ যাদের এ দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের আর এ দেশের মানুষের কাছে কোনো প্রাসঙ্গিকতা বা গুরুত্ব নেই। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন অনেক বেশি সংগঠিত হয়ে উঠেছে।
নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে থানার, ওয়ার্ডের এবং পাড়া-মহল্লার সব পর্যায়ে।
বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে সতর্ক বার্তা দিচ্ছে।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসসকে জানান, ‘ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছি। ২০২৪ সালে গণপ্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সেই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’
তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং তাদের আর এখানে কোনো প্রাসঙ্গিকতা নেই। জনগণ বা দেশে তাদের আর কোনো স্থান হবে না।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কিছু দুর্বৃত্ত মাঝে মাঝে রাত দুইটায় চকলেট বোমা বা এ জাতীয় কিছু করে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। বিএনপি রাজনৈতিকভাবে এ ধরনের অপতৎপরতা মোকাবিলা করবে।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যেসব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, তাদেরকে সঙ্গে নিয়েই দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে সরকার। মানবাধিকার লঙ্ঘন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে সরকার। অতীতের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার পথে বর্তমান সরকার যাবে না। তবে যারা অপরাজনীতি, বিশৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি আবারও সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে জনগণের জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান বাসসকে বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ এই দেশের মানুষের ওপর দীর্ঘ ১৭ বছর যে নিপীড়নের স্টিমরোলার চালিয়েছিল, তা মানুষ কখনোই ভুলবে না।’
তিনি বলেন, জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বিতাড়িত করেছে। আগামী একশ বছরেও তারা জনগণের সামনে প্রকাশ্যে আসতে পারবে না। সুতরাং তারা কোথায় কি বলছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তবে ডাকাত সম্পর্কে যেমন সতর্ক থাকতে হয়, আমরাও আওয়ামী সন্ত্রাসীদের সম্পর্কে সে রকম সতর্কতা বজায় রাখব।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও আধিপত্যবাদী তৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘ক্ষমতা হারানোর পর পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে। তবে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার কোনো সুযোগ দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, কোনো উসকানিতে পা না দিয়ে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি দায়িত্বশীল ও সংগঠিত ভূমিকা পালন করবে।
নাজিমুর রহমান বলেন, ‘পৃথিবীর ইতিহাসে পতিত, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকের ফিরে আসার কোনো নজির নেই। সুতরাং শেখ হাসিনারও দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আর নেই।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। চট্টগ্রামের রাজপথে কোনো অপশক্তিকে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।’
নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, এই দেশের জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগণকে কষ্ট দিতে চায়। কিন্তু এই দেশের মানুষ ফ্যাসিবাদীদের চরিত্র সম্পর্কে ভালোই ধারণা রাখে, তারা গোপনে চোরাগোপ্তা কিছু করার চেষ্টা করছে, প্রকাশ্যে আসার সাহস তাদের নেই।
তিনি বলেন, ফ্যাসিবাদীদের অপচেষ্টার বিরুদ্ধে এই দেশের জনগণ রুখে দাঁড়াবে। তাদের রুখতে পাড়া-মহল্লায় যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্যই রাজপথে সক্রিয় থাকবে যুবদল।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ‘শিক্ষাঙ্গনে অতীতের মতো সন্ত্রাস, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতি আর ফিরে আসতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে ধরনের নৈরাজ্য ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে ছাত্রদল সজাগ রয়েছে।
এদিকে নেতাদের বক্তব্যের পাশাপাশি চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মাঠপর্যায়ের তৎপরতাও বেড়েছে। নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে সভা-সমাবেশ, প্রতিবাদ মিছিল ও মতবিনিময় কর্মসূচি পালন করছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
মহানগর বিএনপির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুবদলও তাদের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় রাখার উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি নগরের ষোলশহর, বাকলিয়া, চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় এসব সংগঠনের নেতাকর্মীরা পৃথক ও যৌথ কর্মসূচি পালন করেছেন।
স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি সতর্ক অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিএনপি নেতাদের মূল্যায়ন হলো— আওয়ামী লীগের প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি কিংবা কোনো শক্তি প্রদর্শনের মতো সাংগঠনিক সক্ষমতা বর্তমানে নেই। বিচ্ছিন্ন দু-একটি ঝটিকা মিছিল কিংবা চোরাগোপ্তা তৎপরতার বাইরে কোনো রাজনৈতিক কর্মসূচি করার অবস্থায় দলটি নেই।
তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা নগরের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হতে পারে—এমন আশঙ্কা থেকেই নেতাকর্মীদের সতর্ক রাখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন