প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী বাঁশতলী বাজারে অবস্থিত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র, দলীয় ব্যানার-পোস্টার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে, পাগলা থানাধীন আললী বাঁশতলী বাজারে। নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামছু উদ্দিন খান জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে থাকা আসবাবপত্র, দলীয় প্রচারসামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা দাবি করেছেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়কে লক্ষ্য করে অগ্নিসংযোগ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। শনিবার সকালে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে আললী বাঁশতলী বাজারসহ আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
এদিকে, এর আগে গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয় এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাগলা থানার এস আই মো. আনোয়ার হোসেন জানান, অগ্নিসংযোগের বিষয়টি তাদের নজরে এসেছে এবং ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন