প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের জন্য গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করেন।
আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালে বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর, যখন নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি স্থান ত্যাগ করেন, তখন অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় কাচের বোতল ও স্টিলের স্টিক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনসিপির নেতাকর্মী ও উপস্থিত ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা সরে যায়।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে যে নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তার কিছু চিত্র যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে।" তিনি বর্তমান সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ী বলে মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, "৫ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে।" তিনি উল্লেখ করেন যে, এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা চলছে এবং এর জন্য বর্তমান সরকার দায়ী।
তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে।" তিনি অভিযোগ করেন যে, গত সাত মাসে রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির একটি অংশও এই প্রক্রিয়ায় যুক্ত ছিল বলে তিনি দাবি করেন।
নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছেন। অথচ বিএনপি পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতা চাইছে।
এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘরে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, "ওই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে শর্টসার্কিটজনিত দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিলেন।" তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার দায় স্বীকার করেছিলেন।
নাহিদ ইসলাম বলেন, "তখনই আমি সতর্ক করেছিলাম, বিরোধী দলের বাড়িতে আগুন লাগার ঘটনায় দায়মুক্তি দেওয়া হলে ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি অন্যরাও হতে পারেন।" যুক্তরাজ্যে এসে তিনি জানতে পেরেছেন, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দিচ্ছেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ খান এবং কেন্দ্রীয় সদস্য মো. মজিবুল আলম হিমেল।
এ ছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সালেহ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা নাজিম উদ্দিন, ইনকিলাব মঞ্চ ইউকের আহ্বায়ক বেলাল হোসেন, রাজনৈতিক বিশ্লেষক তসলিমা তাজ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের সদস্যসচিব মুফতি সালেহ আহমেদ এবং সাংবাদিক তাইসির মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা আনাস খন্দকার, হাবিব আহমেদ, ব্যারিস্টার সালমা বেগম ও হ্যাপি শারমিন। সংগঠনটির আহ্বায়ক মাকসুদুল হক শাকুর, সদস্যসচিব ইঞ্জিনিয়ার মেরাজ আজিজ এবং মুখ্য সংগঠক নাইমুল ইসলামও বক্তব্য দেন।
হামলার অভিযোগ ও প্রতিক্রিয়া
নাহিদ ইসলামের সফরসঙ্গী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ অনুষ্ঠান-পরবর্তী হামলার বিষয়ে নিজের ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠান চলাকালে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটাতে সক্ষম হননি। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
তিনি দাবি করেন, হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ার পর বাইরে অবস্থান নেওয়া ব্যক্তিরা অংশগ্রহণকারীদের বের হওয়ার পথে আক্রমণ করেন।
অন্যদিকে, নাহিদ ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির প্রতিনিধি এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
তবে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন উল্লেখ করে হামলার নিন্দা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা হামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে যুক্তরাজ্য সরকারের প্রতি হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। তিনি দাবি করেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ব্যবহার করে সহিংস কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন